মোসাদের পরবর্তী প্রধান নিয়োগ, বর্তমান প্রধানের সমালোচনা

মেজর জেনারেল রোমান গোফম্যানকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী প্রধান হিসেবে মনোনীত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার পাঁচ বছরের মেয়াদ শেষে আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন গোফম্যান। বর্তমানে তিনি সংস্থাটির সামরিক সচিব হিসেবে দায়িত্বরত। তবে এই নিয়োগকে কেন্দ্র করে ইসরায়েলের প্রতিরক্ষা ও গোয়েন্দা বিভাগে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
রোববার (১২ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে গোফম্যানের ভূয়সী প্রশংসা করেছেন নেতানিয়াহু। সোমবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।
নেতানিয়াহু বলেন, ‘তিনি (গোফম্যান) একজন অসাধারণ কর্মকর্তা, সাহসী এবং সৃজনশীল প্রতিভার অধিকারী।’
চলমান ইরান যুদ্ধে গোফম্যানের অবদান তুলে ধরে নেতানিয়াহু বলেন, ‘পুরো যুদ্ধজুড়ে গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে তিনি দূরদর্শিতা এবং উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়েছেন।’ তিনি মোসাদ প্রধান হিসেবে গোফম্যানের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং ইসরায়েলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিরক্ষা প্রধান আইয়াল জামিরও তাকে যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘তার একটি গৌরবময় সামরিক কর্মজীবন ছিল, তিনি সব দিক থেকে একজন চমৎকার এবং যোগ্য ব্যক্তি।’ গোফম্যান যদি মোসাদের প্রধানের দায়িত্ব না নিতেন, তবে তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান হিসেবে তার নিজের স্থলাভিষিক্ত হতে পারতেন বলেও জানান তিনি।
‘গোফম্যানের নিয়োগ হাস্যকর’
বর্তমান মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া সরাসরি এই নিয়োগের বিরোধিতা করেছেন। তার মতে, গোফম্যান ক্ষমতার অপব্যবহার করতে পারদর্শী।
নিয়োগের বিরুদ্ধে সবচাইতে কড়া সমালোচনা এসেছে ওরি এলমাকায়েসের পক্ষ থেকে। এলমাকায়েসের সঙ্গে গোফম্যানের বিরোধ দীর্ঘদিনের। ১৭ বছর বয়সে এলমাকায়েস যখন শিন বেতের হাতে আটক হয়েছিলেন, তখন অভিযোগ উঠেছিল, গোফম্যানের নির্দেশেই গোপন তথ্য পাচারের এক অননুমোদিত অভিযানে তাকে জড়ানো হয়েছিল। পরবর্তীতে দায়ভার না নিয়ে গোফম্যান তাকে বিপদের মুখে ফেলে দেন বলে অভিযোগ করেন এলমাকায়েস।
গোফম্যানের নিয়োগকে ‘হাস্যকর’ ও ‘ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি’ আখ্যা দিয়ে এলমাকায়েস বলেন, যিনি একজন কিশোরকে বিপদে ফেলে পালিয়ে যেতে পারেন, তিনি নিশ্চিতভাবেই মোসাদ এজেন্টদেরও মাঝপথে পরিত্যাগ করবেন। এই নিয়োগ বাতিলের দাবিতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।