হরমুজ প্রণালি খুলে দিতে বলেছে ইরান, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে ইরান।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান আমাদের জানিয়েছে তারা ‘ভেঙে যাওয়ার’ পর্যায়ে রয়েছে। তারা যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিতে বলছে, একইসঙ্গে তাদের নেতারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
তবে কীভাবে ইরানের সঙ্গে যোগাযোগ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। আর ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কেউ বিষয়টি নিশ্চিত করেননি।
ট্রাম্পের এ বক্তব্য এমন সময় এলো, যখন ইরানের পক্ষ থেকে একটি প্রস্তাব নিয়ে ওয়াশিংটনের অসন্তোষের খবর প্রকাশিত হয়েছে।
দ্য নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠকের সময় ট্রাম্পকে এ প্রস্তাব সম্পর্কে অবহিত করা হয়।
প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেবে, এর বিনিময়ে যুদ্ধবিরতি দীর্ঘায়িত বা স্থায়ী করা হবে। একইসঙ্গে সমুদ্রপথে বিধিনিষেধ তুলে নেওয়ার পরই পারমাণবিক আলোচনা শুরু করার কথা বলা হয়েছে। তবে ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি সমাধানের কোনো উল্লেখ নেই।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পাল্টা জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালায় ইরান।
ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই সংঘাতে তিন হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করে ওয়াশিংটন ও তেহরান।
যুদ্ধবিরতির মেয়াদ ২২ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান অসিম মুনিরের অনুরোধে গত ২১ এপ্রিল ট্রাম্প তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।