আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

এশিয়া পোস্ট ডেস্ক
আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে চলা সামরিক উত্তেজনার পর আপাতত সংঘাত থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। একই সঙ্গে উভয় দেশ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

Advertisement

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার গভীর রাতে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, উভয় পক্ষ আপাতত সংঘাত থেকে সরে দাঁড়াবে এবং জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে।

তবে এ বিষয়ে ইরানের আনুষ্ঠানিক অবস্থান এখনো স্পষ্ট নয়।

আরেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে। সেখানে সাম্প্রতিক সমঝোতা স্মারকের (এমওইউ) বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

তবে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার মূল বিষয় থাকবে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি।

সপ্তাহজুড়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার কারণে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি নতুন করে চাপে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র আরও সামরিক পদক্ষেপ নেবে। অন্যদিকে ইরানও হুঁশিয়ারি দিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে সব ধরনের কূটনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।

এদিকে আল জাজিরার ওপেন সোর্স ইউনিটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক হামলার পর ২৬ থেকে ২৮ জুন পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে মোট ৪৮টি জাহাজ চলাচল করেছে।

এর মধ্যে ২৩টি তেল ও গ্যাসবাহী ট্যাংকার, ৭টি বাল্ক ক্যারিয়ার এবং ১৯টি কার্গো ও কনটেইনারবাহী জাহাজ ছিল।

এই সংখ্যা আগের তুলনায় কম। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, সর্বশেষ উত্তেজনা শুরুর আগে গত বুধবার হরমুজ প্রণালি দিয়ে ৭০টি ও বৃহস্পতিবার ৫৪টি জাহাজ চলাচল করেছিল।

রয়টার্সও এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, উভয় দেশ আপাতত সব ধরনের সামরিক কর্মকাণ্ড স্থগিত রাখতে এবং আলোচনায় ফিরে যেতে সম্মত হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার দোহায় অনুষ্ঠেয় বৈঠকে সমঝোতা স্মারকের বিভিন্ন দিক নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা চলবে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কারিগরি দলের প্রধান নিক স্টুয়ার্ট দোহার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।