ইরান আলোচনার জন্য সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও কুশনার

শান্তিচুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণবিক ইস্যুতে প্রাথমিক আলোচনার জোর তৎপরতা শুরু হয়েছে। আলোচনাকে সফল করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সুইজারল্যান্ড যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন একজন ওয়াশিংটনের কর্মকর্তা।
দুই দেশের সম্ভাব্য গুরুত্বপূর্ণ এ আলোচনায় যোগ দিতে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও সুইজারল্যান্ডে থাকবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবার (১৯ জুন) সূত্রের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
তবে লেবানন ও ইসরায়েলের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতির কারণে বৈঠকটি ঠিক কখন অনুষ্ঠিত হবে, তা এখনও পরিষ্কার নয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী পরবর্তী দফার আলোচনাটি শুক্রবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে, তবে বাতিল করা হয়নি।
এর আগে ইরানের সঙ্গে আমেরিকার মধ্যে প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ আলোচনার মূল নেতৃত্বে ছিলেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। এ আলোচনায়ও তাদের নেতৃত্ব থাকার কথা রয়েছে।
এদিকে পরমাণু আলোচনাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে তা স্পষ্ট করে হোয়াইট হাউস গত বৃহস্পতিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এই সংলাপে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত। পরিস্থিতি অনুকূলে এলে প্রথম সুযোগে তিনি আলোচনার জন্য সুইজারল্যান্ডে উড়াল দেবেন।
