দাম বাড়ায় মজুত তেল বাজারে ছাড়ার কথা ভাবছে জি৭

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ঘটনায় বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ও গ্যাসের দাম বেড়েছে। আর এই সুযোগকে কাজে লাগাতে চাইছে সাতটি দেশের জোট গ্রুপ অব সেভেন বা জি৭। বাজার স্থিতিশীল রাখতে কৌশলগত তেলের মজুত থেকে তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে জোট রাষ্ট্রগুলো।
সোমবার (৯ মার্চ) ফরাসি সরকারের একটি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সূত্র জানিয়েছে, এ বিষয়ে আলোচনা করতে সোমবার সাত দেশের অর্থমন্ত্রীরা একটি ভিডিও বৈঠকে বসবেন। বৈঠকে যুদ্ধের কারণে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা মোকাবিলার সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। কৌশলগত তেলের মজুত ব্যবহার করা এখন আলোচনায় থাকা একটি বিকল্প।
ফ্রান্সের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠক ফরাসি সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা। এতে যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালির কর্মকর্তারা অংশ নেবেন এবং ক্রমবর্ধমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব ও জ্বালানি বাজার স্থিতিশীল করার উপায় নিয়ে আলোচনা করবেন।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত মজুত করা তেল বাজারে সরবরাহ করার পক্ষে সমর্থন করেছে যুক্তরাষ্ট্রসহ এই জোটের তিনটি দেশ। জি৭ জোটের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
জ্বালানি বাজারে সংকট দেখা দিলে তা সামাল দিতে সদস্য দেশগুলোর জন্য জরুরি তেলের মজুত রাখে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। মার্কিন কর্মকর্তাদের ধারণা, পরিস্থিতি সামাল দিতে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ব্যারেল তেল যৌথভাবে বাজারে ছাড়া হতে পারে। এটি মোট প্রায় ১.২ বিলিয়ন ব্যারেল কৌশলগত মজুতের প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশের সমান।
অন্যদিকে সংঘাতের কারণে তেল ও গ্যাস সরবরাহে কী প্রভাব পড়ছে তা পর্যালোচনা করতে বৃহস্পতিবার বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তেল ও গ্যাস সমন্বয় গোষ্ঠী। ইইউর নিয়ম অনুযায়ী, সদস্য দেশগুলোকে অন্তত ৯০ দিনের চাহিদা মেটানোর মতো তেল মজুত রাখতে হয়।
অন্যদিকে যুদ্ধের প্রভাব ইতোমধ্যেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। আজ সোমবার সকালে যুক্তরাজ্যে আগাম মাসের গ্যাসের দাম প্রায় ১৯ শতাংশ বেড়ে প্রতি থার্ম ১৬৩ পেন্সে পৌঁছেছে। একই সময়ে ইউরোপে গ্যাসের আগাম বেঞ্চমার্ক দাম প্রায় ১৬ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট-আওয়ারে ৬২ ইউরো হয়েছে।