logo

গোয়েন্দাপ্রধান পদে ট্রাম্পের নতুন পছন্দ বিল পুল্টে

গোয়েন্দাপ্রধান পদে ট্রাম্পের নতুন পছন্দ বিল পুল্টে
ডোনাল্ড ট্রাম্প ও বিল পুল্টে। ছবি : কোলাজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল হাউজিং নিয়ন্ত্রক সংস্থার প্রধান বিল পুল্টেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক (অ্যাক্টিং ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) হিসেবে নিয়োগ দিয়েছেন। এমন এক সময়ে এই নিয়োগ দেওয়া হলো, যখন বিশ্বজুড়ে যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। তিনি বিদায়ী তুলসি গ্যাবার্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট এই তথ্য জানান। খবর রয়টার্সের।

এর আগে, গত ২৩ মে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তুলসী গ্যাবার্ড। স্বামীর ক্যানসার ধরা পড়ার কথা জানিয়ে পদ ছাড়ার কথা জানান তিনি।

যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা পরিচালকের পদটি সৃষ্টি হয় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ারে হামলার পর। মার্কিন কংগ্রেস এই পদ সৃষ্টি করে। মার্কিন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তাপ্রধানের পদ এটি। ডোনাল্ড ট্রাম্প গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে এই পদে মনোনীত করেছিলেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, বিল পুল্টে আমেরিকার সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর ব্যবস্থাপনায় গভীর অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ১০ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ তদারকি করছেন। ট্রাম্প জানান, স্থায়ী গোয়েন্দা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত পুল্টে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

তবে সমালোচকদের মতে, আবাসন খাতের অভিজ্ঞতা থাকলেও গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা বিষয়ে পুল্টের কোনো পেশাগত অভিজ্ঞতা নেই। তবুও তিনি এখন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ), ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধান করবেন।

এদিকে, এই নিয়োগ নিয়ে হচ্ছে বেশ সমালোচনাও। পুল্টের নিয়োগ নিয়ে ডেমোক্র্যাটদের পাশাপাশি প্রশ্ন উঠেছে রিপাবলিকান দলের মধ্যেও। রিপাবলিকান সিনেটর জন কর্নিন বলেন, এই দায়িত্ব পালনের মতো কোনো যোগ্যতার প্রমাণ আমি দেখছি না।

অন্যদিকে, সিনেটে ডেমোক্র্যাট নেতা চার্লস শুমার পুল্টেকে দলীয় স্বার্থে কাজ করা ব্যক্তি বলে আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা ব্যক্তিকে জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত নয়।

জানা গেছে, নতুন এই গোয়েন্দাপ্রধান ভারপ্রাপ্ত হিসেবে সিনেটের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ২১০ দিন দায়িত্ব পালন করতে পারবেন। ফলে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত বিল পুল্টে এই পদে বহাল থাকতে পারেন।