logo

মস্কোতে বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত, আহত ২

মস্কোতে বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত, আহত ২

রাশিয়ার রাজধানী মস্কোতে বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর সাভিওলোভস্কি রেলওয়ে স্টেশনের বাইরে এক বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। তখন একজন পুলিশ সদস্য নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। 

প্রাথমিক তথ্য অনুসারে, একজন অপরাধী এ বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। তার এ হামলার কারণে এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়ে মারা গেছেন।

এক পৃথক বিবৃতিতে রাশিয়ান তদন্ত কমিটি জানিয়েছে, এ বিস্ফোরণের ঘটনায় দোষী ব্যক্তি নিজেও মারা গেছেন। ২৩-২৪ ফেব্রুয়ারি রাতে ওই ব্যক্তি মস্কোর সাভিওলোভস্কি রেলওয়ে স্টেশন স্কয়ারে আত্মঘাতী হামলা করেন।

মূলত, ওই অপরাধী ব্যক্তি রেলওয়ে স্টেশন স্কয়ারে কর্তব্যরত তিন ট্রাফিক পুলিশ অফিসারের কাছে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান। এর ফলে এ হতাহতের ঘটনা ঘটে।

রুশ কর্তৃপক্ষ আরও জানায়, দোষী ব্যক্তির পরিচয় জানা গেছে। এ হামলার ঘটনায় ফরেনসিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।