Advertisement

আন্দোলন শেষে মোদিবিরোধী পোস্ট সরাতে অভিযানে দিল্লি পুলিশ

এশিয়া পোস্ট ডেস্ক
আন্দোলন শেষে মোদিবিরোধী পোস্ট সরাতে অভিযানে দিল্লি পুলিশ
দিল্লির আন্দোলনে নরেন্দ্র মোদি ও ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে পোস্টার। ছবি: সংগৃহীত

ভারতে মেডিকেলের ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নফাঁস কেন্দ্রিক শিক্ষার্থীদের আন্দোলন শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিবিরোধী পোস্ট ঘিরে কঠোর অভিযানে নেমেছে দিল্লি পুলিশ। আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা আন্দোলনের সময় প্রচারিত এমন অসংখ্য ভিডিও, পোস্ট ও কমেন্ট সরাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নোটিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে সেগুলোর বড় একটি অংশ মুছে ফেলা হয়েছে।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের পরদিনই পুলিশের এই সাইবার পদক্ষেপ সামনে এলো। একটানা ৩৭ দিন ধরে চলা এই দীর্ঘ আন্দোলন শনিবার (২৫ জুলাই) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে শেষ হয়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি সিজেপির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নিতে রাজি হওয়ার পর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপির প্রধান অভিজিৎ দীপকে বেশকিছু নতুন দাবি পেশ করেন। যার মধ্যে ছিল প্রশ্নফাঁসের কারণে আত্মহননকারী শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া, বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং পুলিশের তরফ থেকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা। পরবর্তীতে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপির মুখ্য মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারের সঙ্গে দাবি বাস্তবায়নের চুক্তি হওয়ায় তারা সদ্বিশ্বাসে আন্দোলন প্রত্যাহার করছেন।

সংগঠনটির প্রতিনিধি রাঙ্কা জানান, দেশের যে কোনো প্রান্তে আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া সব এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে সিজেপি সংগঠক বা বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। তবে পুলিশের চলমান এই সাইবার অভিযান সম্পর্কে সিজেপির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

চলতি বছরের মে মাসের শুরুতে নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ২০ জুন থেকে সিজেপি দিল্লির যন্তর মন্তরে টানা অবস্থান কর্মসূচি শুরু করে। ২৮ জুন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক এতে যোগ দিলে আন্দোলন নতুন মাত্রা পায়।