logo

গাজায় নিহত সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলা ইসরায়েলি দাবি নাকচ জাতিসংঘের প্রতিবেদকের

গাজায় নিহত সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলা ইসরায়েলি দাবি নাকচ জাতিসংঘের প্রতিবেদকের
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেস্কা আলবানিজ। ছবি: দ্য গার্ডিয়ান

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৭০ সাংবাদিককে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করার ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করেছেন করেছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেস্কা আলবানিজ। তার দাবি, এসব সাংবাদিক সামরিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন—ইসরায়েলের এমন বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলবানিজ বলেন, সাংবাদিকরা সামরিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন—এমন দাবির সমর্থনে ‘একটুকরোও প্রমাণ’ পাওয়া যায়নি।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের তদন্তে গাজায় নিহত সাংবাদিক হিসেবে পরিচিত কয়েকজনের সঙ্গে হামাস, ইসলামিক জিহাদসহ বিভিন্ন সশস্ত্র সংগঠনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, নিহত এসব ব্যক্তি সশস্ত্র কর্মকাণ্ডেও জড়িত ছিলেন।

তবে ইসরায়েলের এই বক্তব্য প্রত্যাখ্যান করে আলবানিজ জানান, গাজায় সাংবাদিকদের নিহত হওয়ার ঘটনা এবং তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করার ইসরায়েলি দাবির বিষয়ে তিনি শিগগির একটি প্রতিবেদন প্রকাশ করবেন।

আলবানিজ আরও অভিযোগ করেন, নিজেদের সামরিক কর্মকাণ্ডের পক্ষে জনসমর্থন তৈরিতে ইসরায়েলি সামরিক বাহিনী বিভ্রান্তিকর তথ্য প্রচারের একটি ব্যবস্থা গড়ে তুলেছে। তাঁর দাবি, এ ধরনের তথ্যের মাধ্যমে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের সামরিক তদন্তের ফলাফলের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের ভাষ্য, গাজায় নিহত সাংবাদিকদের মধ্যে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন।