বিশ্বনেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান পোপ লিওর

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধ করে শান্তি বেছে নেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। পোপ হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম ইস্টার সানডের ভাষণে তিনি এ আহ্বান জানান।
রোববার (৫ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনি থেকে দেওয়া ভাষণে তিনি অস্ত্র ত্যাগ করার ওপর গুরুত্বারোপ করেন। পোপ বলেন, ‘যাদের হাতে অস্ত্র আছে, তারা তা নামিয়ে রাখুন! যাদের যুদ্ধ শুরু করার ক্ষমতা আছে, তারা শান্তি বেছে নিন! এই শান্তি যেন শক্তির জোরে চাপিয়ে দেওয়া না হয়, বরং তা যেন আসে আলোচনার মাধ্যমে। অন্যকে দমনের ইচ্ছা নিয়ে নয়, বরং একে অপরের মুখোমুখি হওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসুন।’
বর্তমান বিশ্বের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোপ বলেন, মানুষ দিন দিন সহিংসতার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ছে। হাজার হাজার মানুষের মৃত্যু তাদের বিচলিত করছে না। সংঘাতের ফলে সৃষ্ট ঘৃণা ও বিভাজনের সামাজিক এবং অর্থনৈতিক পরিণতির প্রতি মানুষ এখন ‘উদাসীন’ হয়ে গেছে।
পোপ লিও সতর্ক করে বলেন, ‘বিশ্বজুড়ে এক ধরনের ‘উদাসীনতার বিশ্বায়ন’ বাড়ছে। আমরা এভাবে উদাসীন থাকতে পারি না এবং শয়তানের কাছে নিজেদের সঁপে দিতে পারি না।
তিনি আরও বলেন, আসুন আমরা সংঘাত, আধিপত্য এবং ক্ষমতার আকাঙ্ক্ষা ত্যাগ করি। ঘৃণা ও উদাসীনতায় জর্জরিত এই যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে শান্তি বর্ষণের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি।