পাকিস্তানে সেনা অভিযানে তিন দিনে নিহত ১৭৭

পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে তিন দিনে ১৭৭ সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে সোমবার (২ ফেব্রুয়ারি) ২২ জন নিহত হয় বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
ফিতনা আল-হিন্দুস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্মূল অভিযান চলছে উল্লেখ করে দেশটির সেনা সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও পুলিশ এসব সন্ত্রাসী এবং তাদের সহায়তাকারীদের ঘিরে ফেলেছে। আরও বেশি হতাহত ও নিহত হওয়ার খবর রয়েছে।
গতকাল রোববার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী ১৫০ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করেছে।
দেশটিতে সন্ত্রাসবিরোধী অভিযান এমন এক সময়ে শুরু হয়েছে, যখন ভারত-সমর্থিত ফিতনা আল-হিন্দুস্তানের সঙ্গে যুক্ত সন্ত্রাসীরা শনিবার কোয়েটা, মাস্তুং, নুশকি, দালবান্দিন, খারান, পাঞ্জগুর, টুম্প, গোয়াদার ও পাসনিতে আক্রমণ চালিয়েছে। এ সময় তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে মোট ১২টি শহরে হামলা করে।
বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) পরিচালিত এই হামলায় কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিক ও ১৭ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এ হামলায় ২০০ থেকে ২৫০ জনের মতো সন্ত্রাসী জড়িত ছিলেন।
তিনি বলেন, যারা এ সংঘাত ঘটিয়েছে, তাদের সঙ্গে রাজনৈতিকভাবে সমাধান সম্ভব না। একমাত্র সামরিক অভিযানের মাধ্যমে এ বিষয়ের সঠিক প্রতিকার পাওয়া যাবে।
সূত্র : জিও নিউজ