ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহার করতে দেওয়ার দাবি অস্বীকার ভারতের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভারতীয় বন্দর ব্যবহার করে হামলা চালানোর যে দাবি করা হয়েছে, তা অস্বীকার করেছে ভারত।
বুধবার (৪ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন নৌবাহিনীকে ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিবের উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর দাবি করেন, ‘ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ভারতীয় বন্দর ব্যবহার করতে পারে।’
তবে তার দাবির প্রতিবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ‘ভারতীয় বন্দরগুলো মার্কিন নৌবাহিনী ব্যবহার করতে পারে বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট। এ ধরনের ভিত্তিহীন মন্তব্যের বিষয়ে আমরা সবাইকে সতর্ক করছি।’
সম্প্রতি শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলা হয়। ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজটি ভারতে আয়োজিত একটি সামরিক মহড়া শেষ করে ফিরছিল। এ ঘটনার পর সাবেক ওই মার্কিন কর্মকর্তার দাবি নিয়ে আলোচনা আরও জোরদার হয়। বিষয়টি নিয়ে ভারত বলেছে, ‘ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত।’