দাম বৃদ্ধির মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শিকার হয়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। ফলে আন্তর্জাতিক জ্বালানির বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। দাম ওঠানামা করছে জ্বালানির।
বিশ্ববাজারে উত্তেজনার মধ্যে দুঃসংবাদ পেল বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলী রাজ্য টেক্সাসের শিল্পনগরী লা পোর্টে দুটি বড় জ্বালানি ট্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে বেপোর্ট শিল্প কমপ্লেক্সের কাছাকাছি চোয়েট রোডের ১০৮০১ নম্বরে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে একাধিক জরুরি দল।
সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, ঘটনাটি বেপোর্ট শিল্প কমপ্লেক্সের কাছাকাছি ঘটেছে। সেখানে বিভিন্ন পেট্রোকেমিক্যাল ও জ্বালানি সুবিধা রয়েছে। হ্যারিস কাউন্টি ফায়ার মার্শালের অফিস জানিয়েছে, তদন্তকারীরা এখন আগুন লাগার কারণ খুঁজছেন এবং জরুরি কর্মীরা ঘটনাস্থলে অভিযান চালাচ্ছেন।
প্রাথমিকভাবে লা পোর্ট ও পাসাডেনা ফায়ার ডিপার্টমেন্টের অগ্নিনির্বাপকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত সহায়তা দল দ্রুত পাঠানো হয়েছে।
চ্যানেল ইন্ডাস্ট্রি মিউচুয়াল এইড ক্রু এবং বিশেষায়িত ইউনিট, হ্যাজম্যাট দল ও পরিবেশ নজরদারি কর্মীরা ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা সম্ভাব্য বিপজ্জনক দাহ্য পদার্থ ও আশপাশের পরিবেশের নিরাপত্তা যাচাই করছে।
প্রতিবেদন অনুযায়ী, এখনও দুটি বড় জ্বালানি ট্যাংক জ্বলছে। অগ্নিনির্বাপকরা আশপাশের শিল্প ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়া রোধে কাজ করছেন। বিশেষ সরঞ্জাম ব্যবহার করে নিরাপদে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওতে রাতের আকাশে বড় কমলা আগুন এবং ঘনকালো ধোঁয়া দেখা যাচ্ছে। কিছু ফুটেজে লিওন্ডেলব্যাসেল বেপোর্ট চোয়েট সাইটের স্টোরেজ ট্যাংকে আগুন জ্বলতে দেখা যায়, পাশাপাশি জরুরি কর্মীরা রাস্তার চারপাশ কাজ করছে।
অফিস অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, আশপাশের বাসিন্দাদের এই মুহূর্তে কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নেই। স্থানান্তর বা আশ্রয়স্থলের কোনো সতর্কতা জারি করা হয়নি। কর্মকর্তারা এখনও অগ্নিকাণ্ড এবং আশপাশের শিল্প সুবিধার ওপর নজর রাখছেন।