ভারতের মণিপুরে ভেজাল মদপানে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল ও বিষাক্ত মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনের বেশি মানুষ। তাদের অনেকের শরীরে মিথানল বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই কেমচাঁদ সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী ইম্ফলের দুটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে যান। এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকসহ একটি মেডিকেল দল পাঠিয়েছে রাজ্য সরকার। দলটির সঙ্গে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীও পাঠানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, মণিপুরের চন্দেল জেলার চাকপিকারং এলাকায় এই বিষাক্ত মদপানের ঘটনা ঘটেছে। অসুস্থদের অনেককে চিকিৎসার জন্য ইম্ফলের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদে মিথানল নামের বিষাক্ত রাসায়নিক মিশে যাওয়ার কারণে এ বিপর্যয় ঘটেছে। তবে বিষক্রিয়ার প্রকৃত কারণ ও মদের উৎস সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে। মিথানল অত্যন্ত বিষাক্ত রাসায়নিক, যা মানবদেহে প্রবেশ করলে দৃষ্টিশক্তি নষ্ট হওয়া, অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি এমনকি মৃত্যুও ঘটাতে পারে।
চন্দেল জেলা প্রশাসন সন্দেহজনক উৎসের মদ পান না করার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে। মদপানের পর বমি, পেটব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা কিংবা চোখে ঝাপসা দেখার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।
সূত্র: রয়টার্স


