logo

স্টারমারের সঙ্গে তিক্ত সম্পর্ক ব্রিটিশ রাজার যুক্তরাষ্ট্র সফরে প্রভাব ফেলবে না

স্টারমারের সঙ্গে তিক্ত সম্পর্ক ব্রিটিশ রাজার যুক্তরাষ্ট্র সফরে প্রভাব ফেলবে না

ইরান যুদ্ধে সম্মতি ও সহযোগিতার প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। এই বৈরিতার মধ্যেই চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলা। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, স্টারমারের সঙ্গে তার বৈরী সম্পর্ক রাজকীয় এই সফরে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। 

বুধবার (১৫ এপ্রিল) স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে আমার তিক্ত সম্পর্ক চলতি মাসের শেষের দিকে রাজা চার্লসের রাষ্ট্রীয় সফরে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।’ 

ব্রিটিশ রাজাকে নিজের ‘ভালো বন্ধু’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তিনি একজন চমৎকার মানুষ, আমার বন্ধু এবং একজন অসাধারণ ব্যক্তিত্ব।’

রাজা হিসেবে চার্লস এবং রানি ক্যামিলা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যচ্ছেন। এই সফরে তারা ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও ভার্জিনিয়া ভ্রমণ করবেন এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। 

সম্প্রতি ট্রাম্প প্রশাসন ও নেটোর মধ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণে ট্রাম্প ও স্টারমারের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটেছে। মূলত ইরান-ইসরায়েল যুদ্ধে আমেরিকার পক্ষ হয়ে নেটোর সদস্য রাষ্ট্রগুলো সরাসরি অংশ নিতে অস্বীকৃতি জানানোয় ট্রাম্প এই জোটের ওপর ক্ষোভ প্রকাশ করেন, যার রেশ এসে পড়েছে ব্রিটিশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর।