প্রেসিডেন্ট রিগ্যানও গুলিবিদ্ধ হয়েছিলেন ওয়াশিংটন হিলটনে

যে হোটেলের সামনে চার দশক আগে রক্তাক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান, সেই ওয়াশিংটন হিলটনেই ফের ঘটল বন্দুক হামলার ঘটনা।
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোটেলের ভেতরে নির্মিত বিশেষ কক্ষে (প্রেসিডেন্সিয়াল সুইট) সরিয়ে নেওয়া হয়।
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮১ সালে এই হোটেলের বাইরে জন হিংকলি জুনিয়র নামের এক ব্যক্তির গুলিতে গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। সেই ঘটনার পর হোটেলের নিরাপত্তাব্যবস্থায় ব্যাপক আমূল পরিবর্তন আনা হয়েছিল। তৈরি করা হয়েছিল বিশেষ সুড়ঙ্গ ও সুইট, যাতে জরুরি মুহূর্তে প্রেসিডেন্টকে আড়ালে সরিয়ে নেওয়া যায়।
শনিবার রাতে বন্দুকধারী হামলার চেষ্টা চালালে সেই বিশেষ নিরাপত্তাবলয়ই ট্রাম্পকে সুরক্ষা দেয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ ছিল বেশ আলোচনার কেন্দ্রে। কারণ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এবারই প্রথম সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে যোগ দিয়েছেন। এর আগে নিজের প্রথম মেয়াদে এবং ২০২৫ সালেও তিনি এই আয়োজন বয়কট করেছিলেন। কারণ প্রধান প্রধান সংবাদ মাধ্যমের ওপর বিরক্তি, ফেক নিউজ বা ভুয়া খবর প্রকাশের অভিযোগ ছিল তার।
সাংবাদিকদের ওপর কড়াকড়ি আরোপের পর এই আয়োজনে ট্রাম্পের অংশগ্রহণকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। তার সমর্থকরা বলছেন, ট্রাম্প এবার সমালোচকদের মুখোমুখি হতে পিছপা হননি। তবে সমালোচকদের মতে, প্রেসিডেন্ট ও সাংবাদিকদের দীর্ঘদিনের শীতল সম্পর্কের রেশ এখনও রয়ে গেছে।
এই নৈশভোজটি দীর্ঘকাল ধরে মার্কিন প্রেসিডেন্ট এবং সংবাদ মাধ্যমের মধ্যকার অস্বস্থিকর কিন্তু স্থায়ী সম্পর্কের প্রতীক হিসেবে পরিচিত। ১৯২১ সাল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের এক মেলবন্ধন ঘটে। সাধারণত ক্ষমতাসীন প্রেসিডেন্টরা তাদের মেয়াদে অন্তত একবার হলেও এই অনুষ্ঠানে যোগ দেন এবং অনেক সময় নিজের ভুল বা সীমাবদ্ধতা নিয়ে কৌতুকপূর্ণ বক্তব্য রাখেন। বিনোদনের পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য তহবিলও সংগ্রহ করা হয়।
তবে এবারের অনুষ্ঠানে এই বন্দুক হামলার ঘটনা শতবর্ষী এই ঐতিহ্যে এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আপাতত স্থগিত থাকা এই অনুষ্ঠানটি আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করার ঘোষণা দেওয়া হয়েছে।
হামলাকারীকে তৎক্ষণাৎ আটক করেছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। এই ঘটনাকে তিনি ওয়াশিংটনের জন্য এক অদ্ভুত সন্ধ্যা বলে অভিহিত করেছেন।
দুজন আইন প্রয়োগকারী কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, গুলি চালানোর সন্দেহভাজন ব্যক্তি হলেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা ৩১ বছর বয়সি কোল টমাস অ্যালেন।
মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, হামলাকারী ব্যক্তি কোনো সাধারণ অপরাধী ছিলেন না, অস্ত্রে সজ্জিত ছিলেন তিনি। তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ধারালো ছুরি পাওয়া গেছে। চেকপয়েন্ট অতিক্রম করার সময় নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
এই সংঘর্ষে সিক্রেট সার্ভিসের ইউনিফর্ম পরিহিত একজন অফিসার গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত থাকায় বড় ধরনের বিপদ থেকে তিনি বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।