Advertisement

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নীরবতা ভাঙলেন সালমান খান

এশিয়া পোস্ট ডেস্ক
শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নীরবতা ভাঙলেন সালমান খান
ইনস্টাগ্রামে নিজের স্কুল জীবনের ইউনিফর্ম পরিহিত ছবি পোস্ট করেছেন সালমান খান। ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সালমান খান। শিক্ষার্থী হিসেবে নিজের একটি পুরোনো ছবি শেয়ার করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানান তিনি। একই সঙ্গে আন্দোলনকে ‘শান্তিপূর্ণ’ আখ্যা দিয়ে এতে সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এই অভিনেতা।

গত কয়েক দিনে একাধিক বলিউড তারকা এই আন্দোলন নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। সোমবার (২০ জুলাই) শিক্ষার্থীরা জন্তর মন্তর থেকে সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করার সময় পুলিশি বাধার মুখে পড়ে এবং লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের শিকার হয়। এই ঘটনার পর অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা জানান। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ জুলাই) অভিনেতা সালমান খানও মুখ খোলেন।

‘শিক্ষার্থীদের জন্য আমার হৃদয় কাঁদছে’

ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ বার্তায় সালমান খান লেখেন, ‘এটি একটি অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন ছিল, এটি যে সহিংস রূপ নিল তা দেখে খুব কষ্ট লাগছে। যে শিক্ষার্থীরা ও তাদের পরিবার আহত হয়েছেন, তাদের জন্য আমার হৃদয় কাঁদছে। প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর একটি বিষয়। আমাদের দেশের ছেলেমেয়েরা যে একটি উন্নত শিক্ষাব্যবস্থার জন্য একত্র হয়েছে এবং অভিভাবকরাও তাদের পাশে দাঁড়িয়েছেন, তা দেখতে পেয়ে আমি আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘আমি তাদের এই অবস্থানকে আন্তরিকভাবে সমর্থন জানাই। কঠোর পরিশ্রম করে পড়াশোনা করার, নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার এবং একটি উন্নত, শিক্ষিত ভারত গড়ার ক্ষেত্রে তাদের যে একাগ্রতা, আন্তরিকতা ও আগ্রহ প্রকাশ পেয়েছে, তা সত্যি প্রশংসনীয়। এই আন্দোলন, এই প্রতিবাদ হলো সঠিক পথ এবং শিক্ষার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এটি করেছে। এটি খুবই সাহসী ও পরাক্রমশীল কাজ। শিক্ষার প্রতি একাগ্র ও উদ্বুদ্ধ এই প্রজন্মই ভারতের মুখ উজ্জ্বল করবে।’

সালমান আরও লেখেন, ‘এই ইস্যুটি সম্পূর্ণভাবে শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার মধ্যকার একটি বিষয়। এটিকে রাজনৈতিকভাবে হাইজ্যাক করা ঠিক হবে না। এর সমস্ত কৃতিত্ব কেবল আমাদের দেশের শিক্ষার্থীদের পাওয়া উচিত। আমি নিশ্চিত যে সরকারও তাদের সম্পূর্ণ সমর্থন দেবে এবং এটিকে আরও শক্তিশালী একটি শিক্ষাব্যবস্থায় রূপ দেবে। এটি উভয়ের জন্যই ইতিবাচক এক পরিস্থিতি হতে যাচ্ছে। আশা করি এবং প্রার্থনা করি একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে। যারা সুশিক্ষিত হতে চায়, ঈশ্বর তাদের সবার মঙ্গল করুন।’

সবশেষে তিনি বলেন, ‘শিক্ষাই হওয়া উচিত পরবর্তী ট্রেন্ড ও ফ্যাশন এবং এটি যেন বছর বছর আরও বেশি ট্রেন্ডি ও ফ্যাশনেবল হয়ে ওঠে—ঠিক এতটাই, যাতে বাইরের দেশ থেকেও মানুষ ভারতে পড়াশোনা করতে আসে এবং ভারত একটি শিক্ষার কেন্দ্রে পরিণত হয়।'

সোমবারের আন্দোলনে যা ঘটেছিল

দিল্লির কর্মকর্তাদের মতে, দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সোমবারের প্রতিবাদ কর্মসূচির সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ বলছে, বারবার সতর্কতা ও আইনানুগ নির্দেশনা সত্ত্বেও তারা সরে যেতে অস্বীকার করে এবং নিষেধাজ্ঞা ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে।

তবে আন্দোলনকারীদের দাবি, দিল্লি পুলিশ সদস্যরা তাদের ওপর নির্বিচারে চড়াও হয়েছে, যার ফলে তাদের পক্ষের অনেকেই আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ কিছু ভিডিওতে দিল্লি পুলিশকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করতে এবং টিয়ারশেল ছুড়তে দেখা গেছে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশি পরিচয়পত্র ছাড়া সাদা পোশাকের ব্যক্তিরাও তাদের ওপর হামলা চালিয়েছে।

এক মাস ধরে জন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীরা সিজেপির আহ্বানে জন্তর মন্তর থেকে সংসদ ভবন অভিমুখে পদযাত্রার ডাক দেয়। শিক্ষা খাতের নানা অনিয়ম, বিশেষ করে নিট পরীক্ষার কথিত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। সামাজিক উদ্যোক্তা সোনাম ওয়াংচুকও এই মাসের শুরুর দিকে জন্তর মন্তরে অনশন শুরু করে এই আন্দোলনে যোগ দেন। আন্দোলনকারীরা মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সাথে বৈঠক করলেও প্রতিবাদ অব্যাহত রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস