সোনার প্রাসাদে ঝুলল তালা, রহস্যে মুখ ঢাকল বুর্জ আল আরব

একসময় যে ভবনটি দেখেই বর্তমান আধুনিক দুবাই বিশ্বে সুপরিচিত হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের সেই আইকনিক বুর্জ আল আরব ভবনটি ১৮ মাসের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা ছাড়াই বিশ্বের অন্যতম অতি বিলাসবহুল সাত তারকা হোটেলটি হঠাৎ বন্ধ করে দেওয়ার কারণেই মূলত রহস্যের জন্ম দিয়েছে। এমনকি কবে এটি বন্ধ করা হয়েছে সেটিও জানা নেই কারও।
যদিও পরবর্তীতে এক বিবৃতির মাধ্যমে সেই রহস্যের জট খুলেছে হোটেল কর্তৃপক্ষ। গত মঙ্গলবার দেওয়া বিবৃতিতে হোটেল মালিক জুমেইরাহ কর্তৃপক্ষ জানিয়েছে, বড় ধরনের সংস্কারের লক্ষ্যে হোটেলটি বন্ধ করা হয়েছে।
জানা গেছে, সমূদ্রের মাঝে জাহাজের পালের আদলে অনন্য শৈলিতে নির্মিত ব্যয়বহুল হোটেলটিকে ব্যাপক সংস্কারের মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন এক রূপ দেওয়া হবে। এরপর ২০২৭ সালের অক্টোবরে খুলে দেওয়ার মাধ্যমে এর রাজসিক প্রত্যাবর্তন ঘটাতে চায় হোটেল কর্তৃপক্ষ।
হোটেলটির স্টাফদের সঙ্গে কথা বলে এমনই সংবাদ প্রকাশ করেছে রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যম। চলমান মধ্যপ্রাচ্য সংকটের কারণে দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে ইরানের হামলা ও আন্তর্জাতিক ফ্লাইট কমে যাওয়াসহ নানা কারণে সম্প্রতি পর্যটকের সংখ্যা ব্যাপক হারে কমে গেছে।
অন্যদিকে, ১৯৯৯ সালে চালুর পর গত প্রায় আড়াই দশকের বেশি সময় ধরে হোটেলটির কোনো সংস্কার হয়নি। সব মিলিয়ে তাই বর্তমান সময়টাকেই সংস্কারের মোক্ষম সময় হিসেবে বেছে নিয়েছে কর্তৃপক্ষ।
রয়টার্স বলছে, গত মার্চে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসবস্তু পড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় হোটেলটি। তবে, সেটির সঙ্গে এ সংস্কার উদ্যোগের কোনো যোগসূত্র নেই বলেও জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। এ ছাড়া হোটেলটি খোলার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলেও জানিয়েছে তারা। তবে, এটি বন্ধকালীন অতিথিদের আশপাশের হোটেলগুলোতে বুকিংয়ের মাধ্যমে বিকল্প ব্যবস্থা গ্রহণে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বুর্জ আল আরবের ভেতরটি ইতালির অতি মূল্যবান স্ট্যাচুয়ারি মার্বেল পাথর, অস্ট্রেয়ালিয়ায় বিশেষভাবে তৈরি সোয়ারোভস্কি ক্রিস্টাল এবং ২৪ ক্যারেটের সোনার পাত দ্বারা সুসজ্জিত ও বেশ জাকজমকপূর্ণ। তাই সংস্কারের মাধ্যমে নতুন কী চমক দিতে চায় হোটেল কর্তৃপক্ষ, তা নিয়েই কৌতূহলী হয়ে উঠেছেন অনেকেই।
প্যারিসের বিশ্বখ্যাত ইন্টেরিয়র আর্কিটেক্ট ডিজাইনার ট্রিসট্যান আওয়ের নেতৃত্বে কয়েক ধাপের নতুন সংস্কার সম্পন্ন হবে বলে মঙ্গলবারের বিবৃতিতে জানিয়েছে জুমেইরাহ কর্তৃপক্ষ।




