logo

আদালতে যাওয়ার পথে আইনজীবী দম্পত্তি গ্রেপ্তার

আদালতে যাওয়ার পথে আইনজীবী দম্পত্তি গ্রেপ্তার

মানবাধিকার কর্মী ও আইনজীবী ইমান জয়নব মাজারি এবং তার স্বামী আইনজীবী হাদি আলী চাট্টাকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ। ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) বাইরে একটি ফৌজদারি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গ্রেপ্তারের খবর জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

খবরে বলা হয়, বার অফিস থেকে ইসলামাবাদের জেলা ও দায়রা আদলাতে যাওয়ার পথে আইএইচসি বারের ভ্যান থেকে আইনজীবী দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের ফোন জব্দ করে থানায় হস্তান্তর করেছে।

সূত্র জানিয়েছে, আইএইচসির বাইরে ফৌজদারি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) শুনানিতে অনুপস্থিত থাকার কারণে এই মামলায় মাজারি ও চাট্টার জামিন আবেদন খারিজ করে দেন। বার অফিসের বাইরে বিক্ষোভ চলাকালীন উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনায় আইএইচসি বারের সভাপতি ওয়াজিদ আলী গিলানির অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছিল। এই ঘটনায় দুজনেই গ্রেপ্তারের আগে জামিনের আবেদন করেন।

আইনজীবী দম্পত্তিকে ‘অবৈধ’ গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে আইএইচসি বার।

এ ছাড়া বিতর্কিত টুইট মামলায় আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আফজাল মাজোকা তাদের দুজনকে তলব করেছেন। গত কয়েকটি শুনানিতে বারবার অনুপস্থিত থাকার কারণে স্থানীয় আদালতের বিচারক মাজারি ও চাট্টাকে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় হাজির হতে নির্দেশ দিয়েছিলেন।

জাতীয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) কর্তৃক ২০১৬ সালের ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইনে নথিভুক্ত একটি মামলায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে গত ৩০ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

অতিরিক্ত বিচারক মাজোকা এই মাসের শুরুতে তাদের ক্রমাগত অনুপস্থিতির জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। তবে, এই সপ্তাহের শুরুতে আইএইচসি তাদের জামিন পুনরুদ্ধার করে।

আইএইচসির বিচারপতি মুহাম্মদ আজম খানও তাদের আত্মপক্ষ সমর্থনের অধিকার ফিরিয়ে দেন এবং মাজোকার দেওয়া আদেশ স্থগিত করেন। গত মাসে আইনজীবী দম্পত্তি ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন দাখিল করেন। সেখানে বিচারক মাজোকার প্রতি অবিশ্বাস প্রকাশ করেন এবং বিতর্কিত টুইট মামলাটি অন্য আদালতে স্থানান্তরের দাবি জানান।