logo

দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে আর বিক্ষোভের অনুমতি দেবে না পুলিশ

দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে আর বিক্ষোভের অনুমতি দেবে না পুলিশ
দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ভারতের দিল্লির দীর্ঘদিনের আন্দোলন ও প্রতিবাদের ঐতিহাসিক কেন্দ্র 'যন্তর মন্তর' চত্বরকে আনুষ্ঠানিকভাবে "ডেজিগনেটেড প্রোটেস্ট সাইট" এর তালিকা থেকে বাদ দিয়েছে দেশটির সরকার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গঠিত একটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার এই নতুন নির্দেশিকা জারি করেছেন।

রবিবার (১১ অক্টোবর) দিল্লি পুলিশের তরফে এই নির্দেশিকা প্রকাশ করা হয়। যদিও তা প্রকাশ্যে এসেছে সোমবার।

যন্তর মন্তরের পরিবর্তে রাজধানীতে রাজনৈতিক ও সামাজিক বিক্ষোভ প্রদর্শনের জন্য নতুন করে তিনটি বিকল্প স্থান নির্ধারণ করা হয়েছে:

এরমধ্যে রয়েছে, রামলীলা ময়দান (যন্তর মন্তর থেকে আনুমানিক ৪ থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত), বুরাড়ি ময়দান (যন্তর মন্তর থেকে প্রায় ১৫ থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত), সিবিডি ময়দান (পূর্ব দিল্লির শাহদারা বা প্রীতমপুরা সংলগ্ন এলাকা, যা যন্তর মন্তর থেকে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত)

এই তিনটি স্থানে প্রতিবাদ কর্মসূচি করতে হলে কী ভাবে অনুমতি নিতে হবে, বা কী কী করতে হবে, তা নিয়ে শীঘ্রই প্রকাশ করা হবে নির্দেশিকা (এসওপি)।’’

২০২২ সালের ২৮ এপ্রিল জারি করা পুরোনো নির্দেশিকায় সংশোধন এনে এই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধন (SIR) নীতিকে কেন্দ্র করে চলমান তীব্র রাজনৈতিক আন্দোলন ও গণবিক্ষোভের আবহে সেন্ট্রাল দিল্লির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ভিড় সামাল দিতে প্রশাসনের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সেন্ট্রাল দিল্লির যন্তর মন্তরের কাছে রয়েছে সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, নর্থ ব্লক ,সাউথ ব্লক, রেল ভবন সহ বেশ কিছু সরকারি দফতর। মনে করা হচ্ছে, তার আশপাশে যাতে প্রতিবাদ কর্মসূচি না হয়, তাই এই পদক্ষেপ।

এদিকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) শান্তিপূর্ণ কর্মসূচির জন্য আবার অনুমতি চেয়ে সোমবার থানায় যায়। সকাল ১০টা নাগাদ ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র তিন শীর্ষ নেতানেত্রী দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান। এ নিয়ে টানাপড়েনের মাঝেই এই নির্দেশিকা প্রকাশ্যে এল। তার পরেই সিজেপি প্রধান অভিজীত দিপকের দাবি, এ বার পুরো দেশই যন্তর মন্তর হবে।