আর্জেন্টিনার হারে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সমর্থকের মৃত্যু

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিরোপা হাতছাড়া হওয়ার ধাক্কা সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই প্রবীণ সমর্থকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৯ জুলাই) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে এই ঘটনা ঘটে।
আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা সংস্থা (সামে) ও স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মনসেরাত এলাকার একটি বাসা থেকে জরুরি সেবায় ফোন করা হয়। সেখানে ৬৭ বছর বয়সি এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা ঘটনাস্থলে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এর আগে বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সি আরেক সমর্থকের শ্বাসকষ্ট শুরু হলে তার মেয়ে জরুরি সেবায় যোগাযোগ করেন। প্রাথমিকভাবে সিপিআর দেওয়ার পর তাকে দেশটির ডুরান্ড হাসপাতালে নেওয়া হয়। প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
বুয়েনস আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২ বছর বয়সি আরেক ব্যক্তি হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি আলভারেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
শুধু হৃদরোগই নয়, ফাইনালের পর বুয়েনস আইরেসের ওবেলিস্ক চত্বরে জমায়েত হওয়া সমর্থকদের মাঝে হতাশা থেকে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। সেখানে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। লাভালে ও নাইন দে জুলিও অ্যাভিনিউয়ের মোড়ে ৪৭ বছর বয়সি এক ব্যক্তি প্রায় ১৩ ফুট (৪ মিটার) ওপর থেকে পড়ে যান। তার বাঁ পায়ের হাড় মারাত্মকভাবে ভেঙে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমইনফোবে জানিয়েছে, পরাজয়ের হতাশায় অনেক সমর্থক অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। এছাড়া সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি এবং পড়ে গিয়ে আহত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে।
বিশ্বকাপ ফাইনালের পর এমন মর্মান্তিক পরিস্থিতিতে বুয়েনস আইরেসজুড়ে শোকের আবহ বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে এবং সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও জরুরি চিকিৎসা সেবা সংস্থাগুলো।
.png)






