আবারও চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে শনাক্ত নতুন ভ্যারিয়েন্ট

বিশ্বব্যাপী নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন একটি ভ্যারিয়েন্ট। চলতি বছরের মে মাসে কানাডায় শনাক্ত হওয়া ‘পিজে.২.১’ নামের এই ভ্যারিয়েন্ট ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, চীনসহ ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে।
সার্স-কোভ-২ ভাইরাসের এই নতুন ধরনটিকে ‘পর্যবেক্ষণাধীন’ হিসেবে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিভিন্ন দেশে এই ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য শনাক্ত হওয়ার পর এর বিস্তার বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিকিৎসাবিষয়ক সাময়িকী জার্নাল অব ইনফেকশনের তথ্য অনুযায়ী, গত ২ মে কানাডার অন্টারিওতে প্রথম এটি শনাক্ত হয়। পিজে.২.১ ওমিক্রন ধরনের জেএন.১-এর বংশধর। এর স্পাইক প্রোটিনে ২৪টি পর্যন্ত অ্যামিনো অ্যাসিডের পরিবর্তন পাওয়া গেছে।
স্পাইক প্রোটিনের সাহায্যে করোনাভাইরাস মানবকোষের সঙ্গে যুক্ত হয়ে শরীরে প্রবেশ করে। তবে এখনই এ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
যেসব অঞ্চল ও দেশে ছড়িয়েছে
কানাডার পর যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে পিজে.২.১। গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, বর্জ্য পানির নমুনা পর্যবেক্ষণের তথ্য বলছে, তাদের গবেষণার সময় যুক্তরাষ্ট্রে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছিল করোনার এই ধরন।
যুক্তরাষ্ট্রে গত ৩০ জুন নিউইয়র্ক শহরের এক রোগীর শরীরে প্রথম পিজে.২.১ শনাক্ত হয়। পরে ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নিউ জার্সি, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, মিসৌরি, ওকলাহোমা, কলোরাডো ও ফ্লোরিডায়ও এ ধরন শনাক্তের খবর পাওয়া যায়।
এ ছাড়া সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, ফ্রান্স ও স্পেনেও পিজে.২.১ শনাক্ত হয়েছে। স্পেনে স্থানীয়ভাবে সংক্রমণ ছড়ানোর প্রমাণ পেয়েছেন গবেষকেরা। দেশটির কাতালুনিয়া, বাস্ক অঞ্চল ও মাদ্রিদে এ ধরনের সংক্রমণের খবর পাওয়া গেছে।
ডব্লিউএইচওর প্রতিবেদনে হংকংকে একমাত্র স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে বর্জ্য পানি পরীক্ষায় এই ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে। প্রতিবেদনে চীনের কোনো স্থানের উল্লেখ না থাকলেও দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, গত আগস্ট থেকে দেশজুড়ে এই ভ্যারিয়েন্টটি শনাক্ত করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর এনটিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াং নামের একজন বলেন, চীনের বিভিন্ন অঞ্চলের বর্জ্য পানির নমুনা পর্যবেক্ষণের তথ্য অনুযায়ী, আগস্টে পিজে.২.১-এর উপস্থিতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এরপরও এর উপস্থিতি বেশি রয়েছে উত্তরাঞ্চলীয় হেবেই, শানসি, জিলিন ও লিয়াওনিং প্রদেশে।
ওয়াং আরও বলেন, হেবেই ও শানসি প্রদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। হেবেই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হাসপাতালে বেশ কয়েকজন গুরুতর রোগী শনাক্ত হয়েছেন বলেও জানান তিনি। জিলিন ও লিয়াওনিং প্রদেশেও একই ধরনের হাসপাতাল রয়েছে।
বেইজিংয়ের রাষ্ট্রীয় পর্যায়ের চ্যাংপিং ল্যাবরেটরির একটি গবেষক দল গত ৩ সেপ্টেম্বর সার্স-কোভ-২-এর নতুন ধরন পিজে.২.১ নিয়ে গবেষণার ফল প্রকাশ করেছে। এ-সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে অনলাইন গবেষণাপত্র প্রকাশের প্ল্যাটফর্ম বায়োআর্কাইভে।
ওয়াং চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রাদুর্ভাবের তথ্য গোপন করার অভিযোগ করেছেন। তার দাবি, এ বিষয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম নীরব ছিল। আর যারা তথ্য প্রকাশ করেছেন, তারা চাপ ও সেন্সরশিপের মুখে পড়েছেন। সাম্প্রতিক এই গবেষণা প্রতিবেদনটি সকল ভাইরাস বিশেষজ্ঞ ও চিকিৎসকদের ভীষণভাবে উদ্বিগ্ন করে তুলেছে।
কী বলছেন গবেষকরা
গবেষকেরা জানিয়েছেন, পিজে.২.১ ধরনের স্পাইক প্রোটিনে তুলনামূলক বেশি পরিবর্তন বা মিউটেশন দেখা গেছে। ভাইরাসের বাইরের অংশে থাকা এই স্পাইক প্রোটিন মানবকোষে প্রবেশে সাহায্য করে। নতুন এই ধরনটির স্পাইক প্রোটিনে ২৪টি পর্যন্ত অ্যামিনো অ্যাসিডের পরিবর্তন পাওয়া গেছে।
তারা আরও বলছেন, মানবদেহের কোষের ‘এসিই২’ রিসেপ্টরের সঙ্গে এই ধরনটি বেশ শক্তিশালীভাবে যুক্ত হতে পারে। এমনকি যেসব কোষে এসিই২ রিসেপ্টরের মাত্রা কম, সেগুলোকেও এটি সংক্রমিত করতে পারে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কোষের সঙ্গে শক্তিশালীভাবে যুক্ত হওয়ার অর্থ এই নয় যে ভাইরাসটি মানুষ থেকে মানুষে খুব দ্রুত ছড়াবে। এ বিষয়ে এখনো যথেষ্ট প্রমাণ মেলেনি।
টিকা কি কাজ করবে?
বিজ্ঞানীদের প্রধান উদ্বেগের জায়গা ছিল, এই ধরনটি টিকা বা আগের সংক্রমণের ফলে তৈরি হওয়া রোগ প্রতিরোধক্ষমতাকে (অ্যান্টিবডি) ফাঁকি দিতে পারে কি না। প্রাথমিক গবেষণায় স্বস্তির খবর মিলেছে। দেখা গেছে, প্রচলিত অন্যান্য ধরনের তুলনায় পিজে.২.১ ধরনটি বিদ্যমান টিকার অ্যান্টিবডি উল্লেখযোগ্যভাবে এড়াতে পারে না।
নতুন এই ধরনটি আগের ধরনগুলোর চেয়ে বেশি গুরুতর অসুস্থতা তৈরি করে, এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ক্লিনিক্যাল তথ্য এখনও সীমিত। তাই এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
ভারতের কেরালার অ্যাপোলো অ্যাডলাক্স হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট চিকিৎসক গোপাকুমার বলেন, ভাইরাসের বিপজ্জনক মাত্রা নির্ধারণে মিউটেশনের সংখ্যাই একমাত্র বিষয় নয়। পরিবর্তনগুলো ভাইরাসকে কতটা সংক্রামক করছে বা রোগ প্রতিরোধব্যবস্থাকে ফাঁকি দিতে পারছে কি না, সেটাই আসল।
একই মত দিয়েছেন নয়াদিল্লির ধর্মশীলা নারায়ণ হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট চিকিৎসক নবনীত সুদ। তিনি বলেন, প্রাপ্ত তথ্যে রোগের তীব্রতা বাড়ার কোনো প্রমাণ নেই। তবে ভাইরাসের গতিবিধি বুঝতে নিয়মিত জিনোমিক পর্যবেক্ষণ জরুরি।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, টাইমস নাউ, দ্য সান নাইজেরিয়া
(2)-6182f1.jpg)


