logo

বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে বুধবার (৮ এপ্রিল) মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে চতুর্থবার এ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তিনি।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সকালে নিজের কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তার সঙ্গে ছিল কর্মী-সমর্থকদের বিশাল মিছিল। মুখ্যমন্ত্রীর যাওয়ার পথে তাকে একনজর দেখতে ভিড় জমায় আশপাশের মানুষ। পরে এই জনবহর নিয়ে তিনি পৌঁছান আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে। সেখানে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল প্রধান।

এশিয়া পোস্টের কলকাতা প্রতিনিধি জানান, বেলা ১১টা ২০ মিনিট নাগাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এ সময় তার সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, কাউন্সিলর এবং মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্যান্য নেতারা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি সেই ছোটবেলা থেকে ভবানীপুরেই আছি, এখানেই থাকব। ভবানীপুরের মানুষকে আমার কৃতজ্ঞতা, নমস্কার ও সালাম। আপনারা ২৯৪টি আসনেই তৃণমূল প্রার্থীদের ভোট দিন। বাংলায় সরকার আমরাই গড়ছি।’

এ সময় ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ দেওয়া নিয়ে কেন্দ্র ও কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। মমতা বলেন, ‘দুঃখের সঙ্গে বলছি, এত নাম বাদ গিয়েছে, মানুষ ভোটই দিতে পারবে না! পরে নাম তুলে কী লাভ?’

মনোনয়নপত্র জমা দেওয়ার পর পায়ে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিকে, আগেই ভবানীপুর কেন্দ্রে মনোনয়নপত্র জমা করেছেন মমতার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

আগামী ২৯ এপ্রিল এই কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ফলাফল ঘোষণা হবে ৪ মে।