যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ ইরানের
যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে বলে শুক্রবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।
সংশ্লিষ্ট সুত্রের বরাত দিয়ে ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, তৃতীয় একটি দেশের মাধ্যমে গত বুধবার (১ এপ্রিল) এই যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়। তবে ওই দেশের নাম উল্লেখ করা হয়নি।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে বর্তমানে মধ্যস্ততাকারীর মূল ভূমিকায় আছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার দিকে ঠেলে দেওয়া অব্যাহত রাখতে চায় দেশটি।
তবে এই যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়টি এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে একের পর এক হুমকি দিচ্ছেন। আবার ইরান যুদ্ধবিরতি চায় বলে মন্তব্য করছেন ট্রাম্প।
এর আগে ট্রাম্প হুমকি দেন, ইরান যদি ওয়াশিংটনের শান্তি চুক্তির শর্ত মেনে না নেয়, তবে তিনি বোমা মেরে দেশটিকে ‘প্রস্তর যুগে’ ফেরত পাঠাবেন। আবার শুক্রবার তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারে। খুব অল্প কিছু সময়ের মধ্যেই আমেরিকা এটা করতে পারবে।