কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আবারও রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ শহরের লালচক এলাকায় টহলরত পুলিশ দলকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়েছে সন্দেহভাজন সন্ত্রাসবাদীরা। এতে ৩৫ বছর বয়সী আশিক হোসেন কুরেশি নামে এক পুলিশ হেড কনস্টেবল নিহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সরকারি ও স্থানীয় সূত্র জানায়, হিন্দু ধর্মাবলম্বীদের বার্ষিক ‘অমরনাথ যাত্রা’ উপলক্ষে লালচক এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশের একটি পেট্রোলিং টিম। দুপুর সাড়ে ১২টা নাগাদ মোটরসাইকেলে চেপে আসা সশস্ত্র হামলাকারীরা কর্তব্যরত পুলিশ সদস্য আশিক হোসেন কুরেশিকে লক্ষ্য করে খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক জায়গায় অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুরো অনন্তনাগ শহরজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার খবর পেয়েই বিপুলসংখ্যক পুলিশ, সিআরপিএফ ও সেনাবাহিনীর যৌথ দল এলাকাটি পুরোপুরি ঘিরে ফেলে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের খুঁজে বের করতে আশপাশের সব গলি ও সংযোগ সড়কে চিরুনি অভিযান শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
এর আগে, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটন এলাকা বৈসরণ উপত্যকায় এ হামলার ঘটনা ঘটে। ভারত এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তাইবাকে দায়ী করে। এর পর দুই দেশের মধ্যে স্বল্প সময়ের সামরিক সংঘাত শুরু হয়।
.png)






