বৌদ্ধ ভিক্ষুদের তীর্থযাত্রায় ট্রাকের চাপা, প্রাণ গেল ৮ জনের

এশিয়া পোস্ট ডেস্ক
বৌদ্ধ ভিক্ষুদের তীর্থযাত্রায় ট্রাকের চাপা, প্রাণ গেল ৮ জনের
থাইল্যান্ডের সড়কে পড়ে আছে পিকআপ চাপায় নিহত বৌদ্ধ ভিক্ষুদের মরদেহ। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে তীর্থযাত্রায় অংশ নেওয়া একদল বৌদ্ধ ভিক্ষুর ওপর একটি পিকআপ ট্রাক উঠে পড়ায় আট ভিক্ষু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।

বৃহস্পতিবার (২ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টা ৫৫ মিনিটে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশের মুয়াং জেলায় এই দুর্ঘটনা ঘটে।

থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উবন রাতচাথানি প্রদেশের নাম খুন জেলা থেকে তীর্থযাত্রা শুরু করে ৩৫ জন বৌদ্ধ ভিক্ষু ও তাদের পাঁচজন অনুসারী মুয়াং জেলার না সি নুয়ান গ্রামের হুয়াই সিং এলাকার একটি সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

এ সময় একটি পিকআপ ট্রাক বেপরোয়া গতিতে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন এবং মুকদাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন ভিক্ষু মারা যান। আহত ১৮ জনের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটিয়েছে ১১ বছর বয়সি এক কিশোর। বিশেষ চাহিদাসম্পন্ন ওই শিশুটি তার বাবার অনুমতি ছাড়াই বাড়ি থেকে ইসুজু ব্র্যান্ডের পিকআপ ট্রাকটি নিয়ে সড়কে বেরিয়ে পড়েছিল। গাড়িটি নিয়ে সে ডন টান এলাকা থেকে মুয়াং জেলার দিকে যাচ্ছিল। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরকে মুয়াং জেলা থানায় নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ফরা সোমপং নামের এক ভিক্ষু বলেন, আমি দেখলাম একটি ছেলে বেপরোয়া গতিতে পিকআপ ট্রাক চালিয়ে আসছে। সেই সময় আমি মনে মনে ‘বুদ্ধ, বুদ্ধ’ নাম জপ করছিলাম। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আচমকা ট্রাকটি আমাদের ওপর উঠে পড়ে।
়ে।