উত্তর কোরিয়ার জন্য ৫০ রকেট লঞ্চার উন্মোচন করলেন কিম

উত্তর কোরিয়ার জন্য ৫০টি রকেট লঞ্চার উন্মোচন করেছেন দেশটির শাসক কিম জং উন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিম জং উন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির একটি গুরুত্বপূর্ণ কংগ্রেসের আগে কয়েক ডজন পারমাণবিক ক্ষমতাসম্পন্ন রকেট লঞ্চার উন্মোচন করেছেন।
বুধবার এক অনুষ্ঠানে কিম ৬০০ মিমি-ক্যালিবারের এ রকেট লঞ্চারগুলোকে ‘বিস্ময়কর’ এবং ‘আকর্ষণীয়’ বলে প্রশংসা করেছেন। তিনি আরও বলেছেন, আসন্ন কংগ্রেসের সময় নতুন সামরিক ও নির্মাণকাজের লক্ষ্য নির্ধারণ করা হবে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বৃহস্পতিবার জানিয়েছে, উত্তর কোরিয়ার যুদ্ধাস্ত্র নির্মাণ কর্মীরা এই উন্নতমানের পঞ্চাশটি রকেট লঞ্চার তৈরি করেছেন।
এ বিষয়ে কিম বলেন, যখন এই অস্ত্র ব্যবহার করা হবে, তখন কোনো শক্তি ঈশ্বরের সুরক্ষা পাবে না। এসব অস্ত্র সত্যি দুর্দান্ত ও অতি আকর্ষণীয়। এ রকেট লঞ্চারগুলো অতি-শক্তিশালী আক্রমণের জন্য বিশ্বের সবচেয়ে সুবিধাজনক অস্ত্র।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পিয়ংইয়ংয়ের হাউস অব কালচারের প্লাজায় কয়েক ডজন রকেট লঞ্চার যান সারিবদ্ধভাবে পার্ক করা আছে এবং যেখানে কংগ্রেস অনুষ্ঠিত হবে।