রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

২০১৭ সালে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধ গণহত্যা চালানো মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে ঐতিহাসিক রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা চালানোর রায় দেওয়ার ঘটনা এটিই প্রথম।
টানা সাত বছর ধরে বিচারকাজ শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই রায় জাতিসংঘের সর্বোচ্চ আদালত। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া এই রায়ে নয়জন বিচারক মিয়ানমারে গণহত্যা সংঘটিত হয়েছে বলে ঐকমত্যে পৌঁছেছেন। তবে ছয়জন বিচারক এর বিপক্ষে রায় দিয়েছেন।
আইসিজের সভাপতি বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, “মিয়ানমার ইউনিয়ন প্রজাতন্ত্র উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে, যা ‘গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক কনভেনশন’-এর অধীনে তাদের বাধ্যবাধকতার লঙ্ঘন।”
রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে করা মামলার রায়ে তিনি বলেন, মিয়ানমার মরদেহ পুড়িয়ে ফেলে বা অন্য কোনো উপায়ে তা সরিয়ে দিয়ে ‘ব্যাপক আকারে প্রমাণ ধ্বংস করার’ কাজে লিপ্ত ছিল।
তিনি আরও বলেন, যেসব স্থানে ‘ক্লিয়ারেন্স অপারেশন বা শুদ্ধি অভিযান’ চালানো হয়েছিল, সেগুলোও পুড়িয়ে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এর ফলে ২০১৭ সালে কী ঘটেছিল, সে বিষয়ে কার্যকর কোনো তদন্ত পরিচালনায় বাধা সৃষ্টি হয়।
ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘আদালত এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আদালতের সামনে উপস্থাপিত সমস্ত প্রমাণ একত্রে বিবেচনা করলে এই যুক্তিসঙ্গত অনুমানকেই সমর্থন করে যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল।’
আইসিজের এই বিচারক বলেন, ‘আদালত স্মরণ করিয়ে দিচ্ছে যে, গণহত্যা সনদ লঙ্ঘনের যে অভিযোগ তোলা হয়েছে তা প্রমাণ করার দায়ভার গাম্বিয়ার ওপর বর্তায়। এর অর্থ হলো, এটি প্রতিষ্ঠা করতে হবে যে উপস্থাপিত প্রমাণগুলো থেকে গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যুক্তিসঙ্গত অনুমান হিসেবে টানা সম্ভব।’
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, আইসিজের বিচারকরা বলেছেন যে, মিয়ানমারের ২০১৭ সালের সামরিক ‘ক্লিয়ারেন্স’ অভিযানে ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়েছিল।
আদালত বলেছে, ‘আদালত দেখতে পায় যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, শিশুদের ওপর ব্যাপক যৌন ও চরম সহিংসতা চালিয়েছে এবং দলে দলে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকারী রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।’
২০১৭ সালের আগস্টে বাংলাদেশ সীমান্তবর্তী আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক দমন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। তাদের নিষ্ঠুরতার মুখে ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা। এখনো তারা বাংলাদেশের কক্সবাজার ও নোয়াখালীর ভাসান চরে শরণার্থীশিবিরে আশ্রয় নিয়ে আছে।
রোহিঙ্গাদের ওপর চালানো এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের জেনোসাইড সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে আইসিজেতে মামলা করেছিল গাম্বিয়া। সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর আজ রায় ঘোষণা করলেন আইসিজের বিচারকেরা।
(2)-6182f1.jpg)








