ইরানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ইরানের ইস্পাহান প্রদেশে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইস্পাহান প্রদেশের দোরচেহ এলাকায় ইরানের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তখন ঘটনাস্থলেই চারজন নিহত হন।
ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে হেলিকপ্টারটি একটি পাইকারি ফল ও সবজি বাজারের ভেতরে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল।
মেহের নিউজ এজেন্সি আরও জানিয়েছে, এ দুর্ঘটনায় পাইলট, সহ-পাইলট এবং বাজারের দোকানে কর্মরত দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। হেলিকপ্টার বিধ্বস্তের কারণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।