‘পিছু হটলেন’ ট্রাম্প, আলোচনার দাবি প্রত্যাখ্যান ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা আলোচনার দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছে ইরান। সোমবার (২৩ মার্চ) দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমেও কোনো যোগাযোগ হয়নি।
একটি অজ্ঞাত সূত্রের দাবি, ইরান তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালানোর হুমকি দেওয়ার পর ট্রাম্প ‘পিছু হটেছেন’।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করলেও ওই সূত্রটি এই ধরণের কোনো যোগাযোগের কথা অস্বীকার করেছে।
এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
এদিকে ইরানে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণা নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, ইরানের ‘কঠোর সতর্কবার্তার’ কারণেই ট্রাম্প আক্রমণ থেকে বিরত থেকেছেন।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ একটি প্রতিবেদনে ‘ট্রাম্প পিছু হটেছেন’ বলে শিরোনাম করেছে।