logo

ইরানের সঙ্গে চুক্তি করতে ‘মরিয়া’ ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি করতে ‘মরিয়া’ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তি করতে ‘মরিয়া’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক উপদেষ্টা জেসমিন আল-গামাল। তিনি বলেন, তার সাম্প্রতিক ভাষণ থেকে ইরানি শাসকগোষ্ঠী বুঝতে পারছে যে, তিনি আসলে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মরিয়া।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে আল-গামাল বলেন, ইরানিরা জানে, যদি তারা যুক্তরাষ্ট্র, উপসাগরীয় মিত্র ও বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর এই ব্যয়ভার চাপিয়ে দিতে থাকে, তাহলে তাদের নিজেদের শর্তে আলোচনার টেবিলে আসার সম্ভাবনা বেড়ে যাবে।

আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘খুব কঠোর’ আঘাত হানবে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমরা তাদের ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত। 

মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর আল-গামাল বলেছেন, আলোচনার আহ্বান ও সংঘাত বৃদ্ধির হুমকির মধ্যে ট্রাম্পের দোদুল্যমানতা সংঘাত নিরসনের পথ বাধাগ্রস্ত করছে।

তিনি বলেন, গত সপ্তাহের তুলনায় এখন ইরানের সঙ্গে সম্পর্ক মোটেও ভালো হয়নি। কারণ তিনি (ট্রাম্প) একই কাজ করে চলেছেন। এই দুটি অবস্থানের মধ্যে দ্বিধাগ্রস্ত থাকছেন। আমরা একটি চুক্তি চাই, কিন্তু আপনারা যদি তা না দেন, তবে আমরা বোমা মেরে আপনাদের প্রস্তর যুগে পাঠিয়ে দেব। কোনো প্রতিপক্ষকে আলোচনার টেবিলে আনার এটা কোনো সঠিক উপায় নয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ আক্রমণ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। জবাব দিয়ে তেহরান ইসরায়েল, জর্ডান, ইরাক ও মার্কিন সামরিক ঘাঁটি থাকা  উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়।