Advertisement

যুক্তরাষ্ট্রের ‘জে’ ও ‘আই’ ভিসার নিয়ম বদলাচ্ছে

এশিয়া পোস্ট ডেস্ক
যুক্তরাষ্ট্রের ‘জে’ ও ‘আই’ ভিসার নিয়ম বদলাচ্ছে
ছবি : সংগৃহীত

উচ্চশিক্ষা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি ও সংবাদমাধ্যমের কাজের উদ্দেশে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

এত দিন নির্দিষ্ট পড়াশোনা বা চাকরির পুরো সময়কালের জন্য এই ভিসাগুলো দেওয়া হয়েছে। নতুন নিয়মে এর ওপর কঠোর সময়সীমা আরোপ করা হচ্ছে।

দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) একটি নোটিশের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চালু থাকা অনির্দিষ্ট মেয়াদে যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ বাতিল করে নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘এফ’ ভিসা, সাংস্কৃতিক কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পাওয়া দর্শনার্থীদের জন্য ‘জে’ ভিসা এবং গণমাধ্যমকর্মীদের জন্য ‘আই’ ভিসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হবে।

এত দিন এই তিন ক্যাটাগরির ভিসাধারীরা তাঁদের কোর্স বা চাকরিকালীন পুরো সময় পর্যন্ত বৈধভাবে আমেরিকায় অবস্থান করতে পারতেন।

তবে নোটিশে বলা হয়, এ সিদ্ধান্ত কার্যকরের তারিখ নির্ধারণের আগে তা কংগ্রেসে পর্যালোচনা করা হবে।

মার্কিন জাতীয় নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) এই নীতি পরিবর্তনের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও দর্শনার্থীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে সামনে এনেছে।

ডিএইচএসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে রেকর্ড ১৮ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। এ ছাড়া একই সময়ে পাঁচ লাখের বেশি সাংস্কৃতিক প্রতিনিধি এবং ৩৭ হাজার ৩০০ জন বিদেশি সাংবাদিককে ভিসা দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, বিশালসংখ্যক বিদেশির ওপর সার্বক্ষণিক নজরদারি ও তদারকি করা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া বহু শিক্ষার্থী ও দর্শনার্থী পড়াশোনা বা কাজের মেয়াদ শেষ হওয়ার পরও দশকের পর দশক ধরে দেশটিতে থেকে যাচ্ছেন, এমন অনেক প্রমাণ সরকারের হাতে রয়েছে।