যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার জন্য পাকিস্তানে ‘নিচ্ছিদ্র নিরাপত্তা’ ব্যবস্থা

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার জন্য পাকিস্তানে ‘নিচ্ছিদ্র নিরাপত্তা’ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (২০ এপ্রিল) বিবিসির প্রতিবেদন অনুসারে, ইরানের সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনার প্রস্তুতি পর্যালোচনা করতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদামের সঙ্গে বৈঠক করেছেন। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
ইরান এখনও নতুন এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও, নকভি জানিয়েছেন যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, (যুক্তরাষ্ট্র ও ইরান) আগত প্রতিনিধিদলগুলোর জন্য পাকিস্তানে ‘নিচ্ছিদ্র নিরাপত্তা’ নিশ্চিত করা হয়েছে। বৈঠকে তিনি তার সাম্প্রতিক ইরান সফর সম্পর্কেও রাষ্ট্রদূতকে অবহিত করেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো জরুরি।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, উত্তেজনা প্রশমনে পাকিস্তানের ‘ইতিবাচক ও গঠনমূলক ভূমিকার’ প্রশংসা করেছেন ইরানি রাষ্ট্রদূত মোঘাদাম। উক্ত বৈঠকে ইসলামাবাদের চিফ কমিশনার, পুলিশের আইজি এবং ডেপুটি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।