logo

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কারের আহ্বান ইরানের

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কারের আহ্বান ইরানের

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ভূখণ্ড থেকে মার্কিন সামরিক বাহিনীকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ইরান। অঞ্চলজুড়ে অব্যাহত পাল্টাপাল্টি হামলার মধ্যে এমন আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র যে নিরাপত্তা ছাতার কথা বলে সেটি যে ছিদ্রে ভরা, তা এখন স্পষ্ট। এটি সমস্যা সমাধানের বদলে উল্টো সমস্যা ডেকে আনছে।’

আরাঘচি দাবি করেন, হরমুজ প্রণালি সামলাতে যুক্তরাষ্ট্র নিজেই এখন অন্য দেশগুলোর, এমনকি চীনের সহযোগিতা চাইছে।

তিনি বলেন, ‘ইরান ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে, বিদেশি আগ্রাসীদের বহিষ্কার করুন, বিশেষ করে যখন তাদের একমাত্র আগ্রহ ইসরায়েলকে রক্ষা করা।’

এদিকে হরমুজ প্রণালি চালু রাখার জন্য অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে বলে আশ্বাস পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইরান যদি হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করে, তাহলে অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে যুদ্ধজাহাজ পাঠাতে পারে।’ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ দাবি করেছেন ট্রাম্প।

পোস্টে তিনি লেখেন, ‘বিশেষ করে যেসব দেশ এই প্রণালি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবে, তারা হরমুজ প্রণালিকে উন্মুক্ত ও নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে যুদ্ধজাহাজ পাঠাবে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেনসহ আরও কয়েকটি দেশ এই অঞ্চলে জাহাজ পাঠাতে পারে। যুক্তরাষ্ট্র এ সময় উপকূল থেকে হামলা চালাবে এবং ইরানের নৌকা ও জাহাজগুলোকে সমুদ্র থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে।