লেবানন ছাড়া যুদ্ধবিরতি অসম্ভব: ইরান

যুদ্ধবিরতির চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। নাহয় যুদ্ধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি।
বুধবার (৮ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি অথবা ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া—এ দুটির মধ্যে কোনো একটি বেছে নিতে হবে।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্তগুলো পরিষ্কার এবং সুনির্দিষ্ট উল্লেখ করে তিনি আবারও বলেন, যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে—যুদ্ধবিরতি নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাবে। দুটি একসঙ্গে চলতে পারে না।
সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, বিশ্বের চোখ এখন লেবাননের দিকে। কীভাবে চুক্তি অমান্য করে ইসরায়েল নৃশংস হামলা চালিয়ে দুই শতাধিক মানুষ হত্যা করেছে বিশ্ব তা দেখছে। আর এখন যুক্তরাষ্ট্রের দিকে বিশ্ব তাকিয়ে আছে, তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কি না।
আরাঘছির পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি পোস্টের স্ক্রিনশটও জুড়ে দেওয়া হয়েছে। যেখানে মঙ্গলবার (৭ এপ্রিল) যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে শরিফ বলেছিলেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিয়ে লেবাননসহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।’
তবে হোয়াইট হাউস আজ জোর দিয়ে বলেছে, যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত ছিল না। আর এ বিষয় সব পক্ষকে জানানো হয়েছে।
এদিকে ইসরায়েলের বর্বর হামলায় লেবাননে ইতোমধ্যে ২৫৪ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১২শ জন। আর এমন সময় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে লেবাননের অন্তর্ভূক্তি নেই বলে দাবি করছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) আগের এক সতর্কবার্তা বলা হয়েছিল, ইসরায়েল লেবাননে হামলা বন্ধ না করলে তারা পাল্টা ব্যবস্থা নেবে।
তারা বলেছে, যদি লেবাননের বিরুদ্ধে আগ্রাসন অবিলম্বে বন্ধ না হয়, তবে আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং উচিত জবাব দেব।