logo
Advertisement

জাতিসংঘ-নিপ্পন ফাউন্ডেশন ফেলোশিপ ২০২৭: আবেদনের আহ্বান

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
জাতিসংঘ-নিপ্পন ফাউন্ডেশন ফেলোশিপ ২০২৭: আবেদনের আহ্বান
ছবি: সংগৃহীত

উন্নয়নশীল দেশের সরকারি কর্মকর্তা এবং সমুদ্রবিষয়ক পেশাজীবীদের জন্য উচ্চতর প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে জাতিসংঘ। সমুদ্রবিষয়ক ও সমুদ্র আইনসংক্রান্ত ‘জাতিসংঘ-নিপ্পন ফাউন্ডেশন ফেলোশিপ ২০২৭’ -এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

সম্প্রতি জাতিসংঘের আইনিবিষয়ক কার্যালয়ের সমুদ্রবিষয়ক ও সমুদ্র আইন বিভাগ এই ফেলোশিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ফেলোশিপের মূল উদ্দেশ্য

এই ফেলোশিপের প্রধান উদ্দেশ্য হলো উন্নয়নশীল দেশগুলোর মধ্যম সারির সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সমুদ্র আইন ও ব্যবস্থাপনা বিষয়ে সম্পূর্ণ অর্থায়িত উন্নত প্রশিক্ষণ প্রদান করা। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন এবং ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে নিজ নিজ দেশকে দক্ষ ও কার্যকরভাবে সহায়তা করার যোগ্যতা অর্জন করতে পারবে।

কার্যক্রমের সময়সীমা ও কাঠামো

৯ মাস মেয়াদি এই সম্পূর্ণ ইন-পার্সন (সরাসরি উপস্থিতিমূলক) ফেলোশিপ প্রোগ্রামটি মূলত দুটি পর্বে বিভক্ত—

প্রথম পর্ব (৩ মাস): ২৪ মার্চ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে OLA/DOALOS-এর সঙ্গে সরাসরি প্রশিক্ষণ।

দ্বিতীয় পর্ব (৬ মাস): ১ জুলাই থেকে ১৭ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত অংশগ্রহণকারীর গবেষণা সংশ্লিষ্ট কোনো খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান বা হোস্ট ইনস্টিটিউশনে গবেষণা কার্যক্রম।

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীকে অবশ্যই নিম্নলিখিত শর্তাবলি পূরণ করতে হবে—

বয়স: ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

দেশ: আবেদনকারীকে অবশ্যই একটি উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে একটি স্নাতক (বিশ্ববিদ্যালয়) ডিগ্রি বা সমমানের যোগ্যতা এবং উন্নত একাডেমিক গবেষণা পরিচালনায় সক্ষমতা থাকতে হবে।

পেশাগত অভিজ্ঞতা: সমুদ্রবিষয়ক কার্যক্রম, সমুদ্রসীমা নির্ধারণ, উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা, সামুদ্রিক পরিবেশ রক্ষা কিংবা মেরিন সায়েন্সের মতো পেশার সঙ্গে সরাসরি যুক্ত মধ্যম সারির কর্মকর্তা হতে হবে।

ভাষা দক্ষতা: পুরো প্রশিক্ষণটি ইংরেজিতে পরিচালিত হওয়ায় ইংরেজি ভাষায় (পড়া, লেখা ও বলায়) দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়া

২০০৪ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় এ পর্যন্ত ৩৫০ জনেরও বেশি পেশাজীবী প্রশিক্ষণ নিয়েছেন। ২০২৭ সালের সেশনের জন্য মোট ১৪টি ফেলোশিপ প্রদান করা হবে।

আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীদের ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম Indico.UN-এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইমেইলের মাধ্যমে পাঠানো কোনো আবেদন বা নথিপত্র গ্রহণযোগ্য হবে না।

এই প্রোগ্রামটিতে নারী প্রার্থী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০২৬ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে ফেলোশিপের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ফেলোশিপের আর্থিক অনুদান ও অন্যান্য বিস্তারিত শর্তাবলি জানতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট: https://www.un.org/oceancapacity/UNNF।