Advertisement

ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আগে অস্ত্র সমর্পণ করবে না হামাস

এশিয়া পোস্ট ডেস্ক
ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আগে অস্ত্র সমর্পণ করবে না হামাস
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে না বলে স্পষ্ট জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। যদিও গোষ্ঠীটি কাতার, তুরস্ক ও মিশরের সরাসরি মধ্যস্থতায় আলোচনার পর নিরস্ত্রীকরণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল।

শুক্রবার (৩১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের অন্যতম মুখপাত্র ও আলোচক দলের সদস্য গাজী হামাদ বলেছেন, গাজা যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তি শুধু নিরস্ত্রীকরণ নিয়ে নয়, বরং একটি ‘সমন্বিত প্যাকেজ’।

চুক্তিতে সম্মত হওয়ার আগে দেওয়া বক্তব্যে তিনি জানান, এই প্রস্তাবে রয়েছে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ, গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার, একটি জাতীয় কমিটি গঠন, আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এবং গাজার পুনর্গঠন।

ভারী অস্ত্রের বিষয়ে হামাদ বলেন, হামাস তাদের অস্ত্র জাতীয় কমিটির তত্ত্বাবধানে রাখতে প্রস্তুত। তবে এর আগে ইসরায়েলকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

এসব শর্তের মধ্যে রয়েছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ পুরোপুরি বাস্তবায়ন, গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু, জাতীয় কমিটির কাজ শুরু, আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা।

চুক্তিতে সম্মত হওয়ার আগেই আলজাজিরাকে হামাসের এই জ্যেষ্ঠ নেতা বলেন, তারা মূলত ফিলিস্তিনি জনগণের স্বার্থে ছাড় দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য হলো ইসরায়েলি দখলদারত্বের চলমান বৈরী পদক্ষেপ ও অপরাধমূলক পরিকল্পনা থেকে গাজা উপত্যকায় আমাদের জনগণকে রক্ষা করা।