logo

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি পাঁচ তারকা হোটেলে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পৃথক বৈঠকের পর এই আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন উভয় পক্ষ।

মধ্যস্থতাকারী দক্ষিণ এশিয়ার দেশটির ঊর্ধ্বতন সূত্রের বরাতে আলজাজিরা জানায়, পাকিস্তানের রাজধানীতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিও এই খবরটি জানিয়েছে।

টানা ছয় সপ্তাহ ধরে চলা যুদ্ধ নিরসনে শান্তি আলোচনায় ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তবে আলোচনাটি সরাসরি নাকি মধ্যস্থতাকারীদের মাধ্যমে হচ্ছে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের বরাতে সিএনএন বলেছে, যদি আলোচনাটি সরাসরি হয় তাহলে এটি ১৯৭৯ সালে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি কূটনৈতিক বৈঠক হিসেবে বিবেচিত হবে।

মধ্য ইসলামাবাদের বিলাসবহুল পাঁচ তারকা সেরেনা হোটেলে এই ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদের অন্যতম সুরক্ষিত ভবন হিসেবে এই হোটেলটির বেশ সুনাম রয়েছে।

আলোচনার আগে শহরটিকে নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। বিদেশি কূটনীতিকদের আগমনের আগে দুই দিনের জন্য দোকানাপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ ঘোষণা করে পাকিস্তানের ফেডারেল সরকার।