যুদ্ধবিরতির শেষ প্রহরে মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির শেষ হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। এর মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনার জন্য উভয় পক্ষের ইসলামাবাদে উপস্থিত থাকার কথা ছিল। তবে এখন পর্যন্ত পাকিস্তানের উদ্দেশে রওনা হয়নি ইরানের প্রতিনিধিদল। ফলে যুদ্ধবিরতি সপ্তাহ হওয়ার সঙ্গে সঙ্গে দেশটিতে পুনরায় মার্কিনি হামলা শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ইরানের সামরিক কমান্ড শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হুঁশিয়ারি অনুযায়ী, তাদের ভূখণ্ড পুনরায় আক্রান্ত হলে মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা, জ্বালানি শোধনাগার, বন্দর ও শত্রুরাষ্ট্র ইসরায়েলকে ‘জাহান্নাম’ বানিয়ে দেওয়া হবে।
এদিকে বাংলাদেশ সময় ভোর ৬টায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার চলমান দুই সপ্তাহের নির্ধারিত যুদ্ধবিরতি শেষ হবে। ইরানের সময় রাত সাড়ে তিনটা। তার আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
অন্যদিকে ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, উপসাগরীয় অঞ্চলে ও ইরানের বন্দরগুলোতে যতক্ষণ মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে ততক্ষণ তারা সংলাপের বিষয়টি আমলে নেবে না। অর্থাৎ শান্তি আলোচনায় বসার আগে, যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় অঞ্চলে আরোপিত অবরোধ প্রত্যাহার করে তেহরানের বিশ্বাস অর্জন করতে হবে। তবে এখন পর্যন্ত সেই লক্ষণ দেখা যায়নি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ৮ এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতিটি তেহরান সময় বুধবার ভোর সাড়ে তিনটায় শেষ হয়ে যাবে। এই সময়টি ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদিও ট্রাম্প বলেছেন যে, ওয়াশিংটন সময় অনুযায়ী বুধবার সন্ধ্যায় এর মেয়াদ শেষ হবে।
সূত্র: আলজাজিরা