দীর্ঘ বিরতির পর বেইজিং-পিয়ংইয়ং সরাসরি ফ্লাইট শুরু

দীর্ঘ প্রতীক্ষার পর চীনের রাজধানী বেইজিং ও উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে এয়ার চায়নার একটি বিশেষ ফ্লাইট বেইজিং থেকে রওনা হয়ে পিয়ংইয়ংয়ে পৌঁছায়।
ফ্লাইট ডেটা থেকে দেখা গেছে, জাতীয় বিমান সংস্থা পরিচালিত বোয়িং ৭৩৭ বিমানটি সকাল ৮টার দিকে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে পিয়ংইয়ংয়ে পৌঁছায়। ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে পিয়ংইয়ং থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ফ্লাইটটি পিয়ংইয়ংয়ের সুনান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইয়াচুন এবং অন্য উচ্চপদস্থ কূটনীতিকরা বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের স্বাগত জানান।
এই ফ্লাইটের মাধ্যমেই দুই দেশের রাজধানীর মধ্যে নিয়মিত বিমান চলাচল আনুষ্ঠানিকভাবে আবার শুরু হলো। এর ফলে এখন থেকে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে।
এবিসি নিউজ জানিয়েছে, ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে দুই রাজধানীর মধ্যে আকাশপথে যোগাযোগ স্থগিত ছিল। সেসময় পিয়ংইয়ং অত্যন্ত কঠোর সীমান্ত নীতি গ্রহণ করেছিল, যা বিশ্বের অন্যতম কড়া নিষেধাজ্ঞা হিসেবে বিবেচনা করা হয়।