logo

পূজার সময় ভেঙে পড়ল মন্দিরের ছাদ, বহু হতাহত

পূজার সময় ভেঙে পড়ল মন্দিরের ছাদ, বহু হতাহত
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের পারভানি জেলার মানবত তালুকের যশোয়াড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন নির্মাণাধীন একটি হনুমান মন্দিরের ছাদ ধসে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত সাতজন ভক্ত নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক অনেকেই। ধ্বংসস্তূপে কমপক্ষে ৪০ জন আটকা পড়েছেন খবর পাওয়া গেছে।

শনিবার (২০ জুন) দুপুরের এই ঘটনার প্রাথমিক তথ্য অনুযায়ী, মন্দিরের সামনে অবস্থিত নির্মাণাধীন সভামণ্ডপের ছাদটি হঠাৎ ধসে পড়ে। সেসময় মন্দির প্রাঙ্গণে বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ ঘটনায় অন্তত সাতজন নিহতের তথ্য উঠেছে আসলেও, ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই সংখ্যা পাঁচজন বলে দাবি করা হয়েছে। ধ্বংসস্তূপে আটকা পড়াদের সংখ্যা নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন তথ্য। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই সংখ্যা ৩০ থেকে ৪০ জন হতে পারে।

যদিও পারভানি জেলা প্রশাসন এখনও আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি।

প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনার সময় মন্দিরে পূজা চলছিল। ভক্তরাও সেখানে ভিড় জমান। এ ছাড়াও পূজামণ্ডপের বাইরে তথা মন্দির প্রাঙণে অসংখ্য ভক্ত ভিড় করেন। এমতাবস্থায় আচমকা নির্মাণাধীন মন্দিরের ছাদ ধসে পড়ে।

মনওয়াত তহসিলদার পান্ডুরং মোচেওয়াড় জানিয়েছেন, ঘটনার পরপরই উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সমন্বিত প্রচেষ্টায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ভক্তদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন আহতদের মধ্যে প্রায় ছয়জন ভক্তের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে পারভানি জেলার অভিভাবক মন্ত্রী মেঘনা বোর্দিকার গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারকে সব ধরনের প্রয়োজনীয় আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।