খামেনির তিন দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান শুরু আজ

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির তিন দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আজ বুধবার (৪ মার্চ) শুরু হবে। এরপর তাকে পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ। এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনি নিহত হন।
বুধবার (৪ মার্চ) সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল এ খবর প্রকাশ করেছে।
৮৬ বছর বয়সি খামেনি ৩৬ বছর ধরে ইরান শাসন করেন। তিনি মূলত ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বাসিন্দা ছিলেন। এছাড়া তার বাবাকে ইমাম রেজা মাজারে দাফন করা হয়েছে। এসব কারণে তাকেও এ শহরে দাফন করা হবে। কিন্তু, তার দাফনের কোনো তারিখ প্রকাশ করা হয়নি।
বিবিসি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির তিন দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আজ বুধবার শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ।
ইসলামিক কাউন্সিল ফর ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশনের একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানায়, বুধবার রাত ১০টা (১৮:৩০ জিএমটি) থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে জাতির শহীদ নেতার মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন শোকসন্তপ্ত লোকজন।