logo
Advertisement

অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চলবে: ইরান

অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চলবে: ইরান
ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জোলফাঘারি। ছবি: মেহরনিউজ

মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, মার্কিন বাহিনী তাদের ‘অপরাধের জন্য অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

Advertisement

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে দেওয়া এক বক্তব্যে জোলফাঘারি বলেন, দক্ষিণ ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে ইরানি বাহিনী অঞ্চলটির বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

তিনি দাবি করেন, এসব হামলায় অবকাঠামো, স্থাপনা, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ‘উল্লেখযোগ্যসংখ্যক’ মার্কিন কমান্ডার ও সেনা নিহত বা আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

জোলফাঘারি বলেন, “আমেরিকানদের বিরুদ্ধে এসব আক্রমণাত্মক অভিযান চলতে থাকবে, যতক্ষণ না তারা তাদের অপরাধের জন্য অনুতপ্ত হয়।”

তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে ইরানের জবাব হবে আরও “ভারী, বিস্তৃত ও ধ্বংসাত্মক”। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সহযোগিতা করা যেকোনো দেশকে এর ‘বিপজ্জনক পরিণতি’ মেনে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন ইরানের এই সামরিক কর্মকর্তা।