logo

ফ্রান্সের সহিংসতার জন্য দায়ী অভিবাসন: জেডি ভ্যান্স

এএফপি
এএফপি
ফ্রান্সের সহিংসতার জন্য দায়ী অভিবাসন: জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এএফপি

ফ্রান্সে চলমান বিক্ষোভে সহিংসতা ও অগ্নিসংযোগের জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার অভিযোগ, পশ্চিমা উদারপন্থিরা বৈচিত্র্য ও সহমর্মিতার কথা বলে বিপুলসংখ্যক অভিবাসীকে বিভিন্ন দেশে নিয়ে এলেও তাদের স্থানীয় সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করেননি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান্স এসব মন্তব্য করেন। এ সময় তিনি ফ্রান্সের লিমোজ শহরের সিটি হল ভবনে আগুন জ্বলতে থাকার একটি ভিডিও শেয়ার করেন।

পোস্টে ভ্যান্স লেখেন, বৈচিত্র্য ও সহমর্মিতার নামে পশ্চিমা উদারপন্থিরা ফ্রান্সসহ বিভিন্ন দেশে তৃতীয় বিশ্বের মানুষদের নিয়ে এসেছেন। কিন্তু অভিবাসীদের স্থানীয় সমাজের সঙ্গে একীভূত করা এবং তাদের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর সামঞ্জস্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

ভ্যান্সের ভাষ্য, এসব নীতির সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা সেই সতর্কবার্তা আমলে নেননি।

ফ্রান্সের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও লেখেন, দেশটি সুন্দর এবং এর মানুষ অসাধারণ। ঐতিহাসিক স্থাপনাগুলোতে আরও অগ্নিসংযোগের ঘটনা ঘটার আগেই ফ্রান্স যেন বর্তমান সহিংস পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে, সে জন্য তিনি প্রার্থনা করেন।

ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যে বিভিন্ন শহরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন। তবে বিক্ষোভে সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করে ভ্যান্স যে বক্তব্য দিয়েছেন, তা তার নিজস্ব রাজনৈতিক মূল্যায়ন।