Advertisement

বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বাড়ল

এশিয়া পোস্ট ডেস্ক
বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বাড়ল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা বিধ্বংসী পাল্টাপাল্টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও লাফিয়ে বেড়েছে।

রোববার (১৯ জুলাই) বৈশ্বিক লেনদেনে জ্বালানি তেলের সর্বসাম্প্রতিক দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অন্যতম প্রমিত সূচক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ব্যারেলপ্রতি ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০.৭৮ ডলারে। অন্যদিকে মার্কিন অভ্যন্তরীণ জ্বালানি তেল বা ‘ইউএস ক্রুড’-এর দামও প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৮৪.৮৫ ডলারে গিয়ে ঠেকেছে।

এর আগে গত শুক্রবার (১৭ জুলাই) বিশ্ববাজারে জ্বালানি তেলের মানদণ্ডের (ব্রেন্ট ক্রুড) দাম ব্যারেল প্রতি ১ ডলার ৫৩ সেন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ বৃদ্ধি করা হয়। এর ফলে সে সময় প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের মূল্য দাঁড়ায় ৮৫ ডলার ৭৬ সেন্ট।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারসের দাম ব্যারেল প্রতি ১ ডলার ৬৯ সেন্ট বা ২ দশমিক ১৪ শতাংশ বাড়ানো হয়। সে সময় বাজারে প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেল বিক্রি হয় ৮০ ডলার ৬৪ সেন্টে।

গত সপ্তাহে দুই দেশের মধ্যে সংঘাত আশঙ্কাজনক রূপ নেওয়ার পর বিশ্বজুড়ে তেল সরবরাহের প্রধান রুট ‘হরমুজ প্রণালী’ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। উল্লেখ্য, বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় ২০ শতাংশ এই কৌশলগত প্রণালী দিয়ে প্রবাহিত হয়। এর আগে গত বুধবার ইরানি বন্দরগুলোর ওপর নতুন করে নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন।

তেহরানের কড়া নিষেধাজ্ঞা ও নৌ-বাধা সত্ত্বেও কিছু বাণিজ্যিক জাহাজ ঝুঁকি নিয়ে বিকল্প পথ হিসেবে ওমান উপকূলীয় নৌপথ ব্যবহার করে যাতায়াত করছে।

এদিকে বিশ্ববাজারের এই দাম বৃদ্ধির উত্তাপ পড়েছে সাধারণ গ্রাহকপর্যায়েও। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে চালকদের ব্যবহৃত গ্যাসের গড় দাম গ্যালনপ্রতি ৪ ডলার ছুঁইছুঁই করছে; বর্তমানে তা ৩.৯৯২ ডলারে পৌঁছেছে। ফলে সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় এখন আমেরিকান চালকদের গ্যাস কিনতে প্রায় ৩৪ শতাংশ বেশি অর্থ গুনতে হচ্ছে।

মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারেও। যুক্তরাষ্ট্রে ‘ডাও জোন্স ফিউচার্স’, ‘এসঅ্যান্ডপি ফিউচার্স’ এবং ‘নেসডাক ফিউচার্স’—এই তিনটি প্রধান শেয়ার সূচকই পয়েন্ট হারিয়ে প্রায় ০.২ শতাংশ করে নিম্নমুখী হয়েছে।

সূত্র: সিএনএন