logo

দুই দিনের মধ্যে পাকিস্তানে কিছু একটা ঘটতে পারে: ট্রাম্প

দুই দিনের মধ্যে পাকিস্তানে কিছু একটা ঘটতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার দ্বিতীয় দফা আগামী দুই দিনের মধ্যেই পাকিস্তানে শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউইয়র্ক পোস্টের এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা সেখানে (পাকিস্তানে) যেতে আরও বেশি আগ্রহী। এর সম্ভাবনাই বেশি। কারণ ফিল্ড মার্শাল (অসিম মুনির) দারুণ কাজ করছেন।

এ সময় ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করে তাকে ‘অসাধারণ’ হিসেবে অভিহিত করেন।

এর আগে, সম্ভাব্য আলোচনার স্থান হিসেবে জেনেভার নামও আলোচনায় আসে। তবে ট্রাম্প সেই সম্ভাবনাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না বলে ইঙ্গিত দেন।

তিনি বলেন, যে দেশের সঙ্গে এই বিষয়ের কোনো সম্পর্ক নেই, সেখানে কেন যাব?

নতুন দফা আলোচনায় কারা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন, তা খোলাসা করেননি ট্রাম্প। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় নেতৃত্ব দিলেও তা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

এদিকে ট্রাম্প ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমি বলেছি তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। তাই আমি ২০ বছরের পরিকল্পনাটি পছন্দ করছি না।