সোশ্যাল মিডিয়ায় নয়, ফলাফল নির্ধারণ হবে যুদ্ধক্ষেত্রে: ইরান

যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত ইরানের, যুক্তরাষ্ট্রের নয় বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি।
সোমবার (১৬ মার্চ) সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তোমরা শুরু করেছো, আমরা শেষ করব।’
যুলফাগারি বলেন, এই যুদ্ধ কখন ও কীভাবে থামবে, সেটি সোশ্যাল মিডিয়ায় নয়, নির্ধারিত হবে যুদ্ধক্ষেত্রেই। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
একই সঙ্গে আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করেছেন তিনি। মুখপাত্র বলেন, ইরানের ভূখণ্ডে হামলায় ব্যবহৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকে কোনো হামলা হলে ইরান পাল্টা পদক্ষেপ নেবে। তার যুক্তি, ইরান কেবল তার সার্বভৌমত্ব ও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে।
তবে ইরান বারবার একটি বিষয় স্পষ্ট করছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো বিরোধ নেই। তারা কেবল সেই মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করছে, যেগুলো ইরানে হামলার জন্য ব্যবহৃত হচ্ছে।