কাতার, দুবাই ও ইসরায়েলে দফায় দফায় বিস্ফোরণ

কাতারের রাজধানী দোহায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বাসিন্দারা জানিয়েছেন, অন্তত ১১টি বিস্ফোরণ হয়েছে।
রোববার (১ মার্চ) সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে আলজাজিরা। এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের হামলায় আরও আটজন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলা শুরু হওয়ার পর থেকে কাতারে মোট আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন এলাকায় সীমিত পরিসরে কিছু ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।
এদিকে একই সকালে দুবাইয়েও কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এর তথ্য তুলে ধরে আল জাজিরা জানায়, দুবাইয়ে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
অন্যদিকে রোববার সকালে ইসরাইলের বিভিন্ন স্থানে সম্ভাব্য বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজানো হয়। নাগরিকদের আগাম সতর্ক করতে এই সাইরেন বাজানো হয়।
তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরাইল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা ঠেকানোর চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ে পুরো অঞ্চলে উদ্বেগ বেড়েছে।