logo
সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর অভিয়োগ

নির্বাচন পেছাতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু

নির্বাচন পেছাতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। ছবি: আনাদোলু এজেন্সি

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচন পেছানোর পথ তৈরি করতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।

শুক্রবার চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে বারাক বলেন, ‘নেতানিয়াহু এমনভাবে যুদ্ধের অবকাঠামো প্রস্তুত করছেন, যাতে নির্বাচন পেছানো যায়।’

নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বারাক বলেন, ‘তিনি শ্বাস নেওয়ার সময়, ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার সময় এবং বিল না দিয়ে রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময়ও মিথ্যা বলেন।’

বারাক আরও বলেন, ‘২৭ অক্টোবর তাকে ক্ষমতা থেকে একবার এবং চিরতরে সরিয়ে দিতে আমাদের সবকিছু করতে হবে।’

নির্বাচনি প্রচারে নিরাপত্তা ইস্যু ব্যবহারের বিষয়টি নিয়ে ইসরায়েলে অভ্যন্তরীণ বিতর্ক তীব্র হওয়ার মধ্যেই বারাকের এই মন্তব্য এলো।

চলতি সপ্তাহের শুরুতে নেতানিয়াহু সতর্ক করে বলেন, নির্বাচনের আগে ইসরায়েল হামলার মুখে পড়তে পারে। একই সঙ্গে বিভিন্ন ফ্রন্টের পরিস্থিতি নিয়ে তিনি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন।

এ ছাড়া ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার পেছনে কারা রয়েছে, তা শনাক্ত হলে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন নেতানিয়াহু।

তিনি বলেন, ঘটনাটির তদন্ত চলছে। এর পেছনে থাকা ব্যক্তি অন্য কোনো পক্ষের নির্দেশে কাজ করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ‘যে তাকে পাঠিয়েছে, তাকে অত্যন্ত চড়া মূল্য দিতে হবে।’

ফ্লাইদুবাইয়ের ঘটনাটি এখন নির্বাচনি প্রচারের একটি ইস্যুতে পরিণত হয়েছে। নেতানিয়াহুর বিরোধীরা অভিযোগ করছেন, নির্বাচনি প্রচারে নিজের অবস্থান শক্তিশালী করতে তিনি নিরাপত্তা পরিস্থিতিকে কাজে লাগাচ্ছেন।

বারাকের মন্তব্য এমন সময় এলো, যখন গাজা উপত্যকা, লেবানন ও সিরিয়াসহ বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে আগস্টে বারাক অভিযোগ করেছিলেন, নেতানিয়াহু নিরাপত্তা উত্তেজনা ও জনমনে ভয় বাড়িয়ে নির্বাচনের দিন পর্যন্ত পৌঁছাতে চাইছেন। তিনি দাবি করেছিলেন, আঞ্চলিক কয়েকটি ফ্রন্টে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে নির্বাচনি স্বার্থের সম্পর্ক রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর এটিই ইসরায়েলের প্রথম সাধারণ নির্বাচন হতে যাচ্ছে।

নেতানিয়াহুর সরকারকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিরোধী দলগুলো নিজেদের মধ্যে সমন্বয় আরও জোরদার করেছে।