logo

ফি দিয়ে হরমুজে জাহাজ চলাচলের সুযোগ বন্ধ করল ইরান

ফি দিয়ে হরমুজে জাহাজ চলাচলের সুযোগ বন্ধ করল ইরান

এবার ফি দিয়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সুযোগ বন্ধ করে দিয়েছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের ওপর অবরোধ প্রত্যাহার না করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ পথ বা করিডোর খোলা রাখা হয়েছিল, সেটিও এখন থেকে বন্ধ থাকবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। 

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ফি দিয়ে জাহাজ চলাচলের যে সুযোগ ছিল, তা বাতিল করা হয়েছে।

আইআরজিসির নৌ শাখা সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা অমান্যকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। যুক্তরাষ্ট্রের এই অবরোধকে দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে।

মার্কিন অবরোধ দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলছে ইরান। 

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে অবরোধ তুলে না নিলে হরমুজ প্রণালি খুলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। 

তিনি বলেন, দুই পক্ষ (যুক্তরাষ্ট্র ও ইরান) একটি অভিন্ন ‘কাঠামোর’ বিষয়ে সম্মত না হওয়া পর্যন্ত আলোচনা সম্ভব নয়। আলোচনায় ইরান যা কিছুই মেনে নিক না কেন, তাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের অধিকার বজায় থাকতে হবে।

তার মতে, দুই পক্ষই এখনও বৈঠকের পর্যায়ে পৌঁছাতে পারেনি। কারণ, ওয়াশিংটন কিছু বিষয়ে চরমপন্থা অবস্থান গ্রহণ করে আছে।